নেপালি ব্যাংক থেকে বিনিয়োগ প্রত্যাহার আইএফআইসির

আপডেট : ১৪ জুলাই ২০২১, ০২:৩১ এএম

পুঁজিবাজারে তালিকাভুক্ত ইন্টারন্যাশনাল ফাইন্যান্স অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেড (আইএফআইসি ব্যাংক) নেপালে যৌথ মালিকানার কোম্পানি নেপাল-বাংলাদেশ ব্যাংকের (এনবিবি) মালিকানা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। গতকাল আইএফআইসি ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় নেপাল-বাংলাদেশ ব্যাংক থেকে পুরো বিনিয়োগ প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইএফআইসি ব্যাংকের কোম্পানি সচিব মো. মোকাম্মেল হক এই তথ্য জানিয়েছেন। নেপাল স্টক এক্সচেঞ্জেও এ তথ্য প্রকাশ করা হয়েছে।

নেপালের বিভিন্ন স্থানে এনবিবিএলের ৯৯টি শাখা রয়েছে। নেপাল স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত এনবিবিএলের পরিশোধিত মূলধন ৯০০ কোটি ৪৮ লাখ নেপালি রুপি, যার ৪০ দশমিক ৯১ শতাংশের মালিকানা রয়েছে আইএফআইসির হাতে। ১০০ নেপালি রুপি অভিহিত মূল্যের এ ব্যাংকটির শেয়ার সর্বশেষ কেনাবেচা হয়েছে ৪৩৯ নেপালি রুপি। নেপাল স্টক এক্সচেঞ্জে ব্যাংকটির বাজার মূলধন হচ্ছে ৩ হাজার ৯৫৩ রুপি। এ হিসেবে ব্যাংকটিতে আইএফআইসির মালিকানাধীন শেয়ারের বাজার মূল্য হচ্ছে ১ হাজার ৬১৭ কোটি টাকা। এখন উদ্যোক্তা হিসেবে এই ব্যাংকে থাকা আইএফআইসির সব শেয়ার বিক্রি করে ওই অর্থ বাংলাদেশে ফিরিয়ে আনা হবে।

এ বিষয়ে আইএফআইসি ব্যাংকের কোম্পানি সচিব মো. মোকাম্মেল হক দেশ রূপান্তরকে বলেন, পরিচালনা পর্ষদ নেপাল-বাংলাদেশ ব্যাংকে থাকা আইএফআইসির মালিকানাধীন সব শেয়ার বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে এর ক্রেতা বা মূল্যের পরিমাণ সম্পর্কে তিনি কিছু বলতে অস্বীকার করেন।

আইএফআইসি সূত্রে জানা গেছে, সম্ভাব্য ক্রেতাদের সঙ্গে দর কষাকষি করে শেয়ারের মূল্য চূড়ান্ত করে বাংলাদেশ ও নেপালের সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে এই সিদ্ধান্ত কার্যকর হবে।

যৌথ মালিকানাধীন কোম্পানি হিসেবে ১৯৯৪ সালের ৬ জুন নেপাল বাংলাদেশ ব্যাংক নেপালে কার্যক্রম শুরু করে। প্রতিষ্ঠার শুরুতেই ১২ লাখ শেয়ারের মধ্যে আইএফআইসি ব্যাংকের শেয়ার ছিল ৬ লাখ। এ জন্য ১৯৯৪ ও ১৯৯৮ সালে দুই দফায় ৬ কোটি নেপালি রুপি ও ১০ লাখ ৯৫ হাজার ৩৩ ডলার ওই ব্যাংকে বিনিয়োগ করে আইএফআইসি ব্যাংক। এরপর একীভূত ও অনিয়মের ফলে ব্যাংকটির আর্থিক অবস্থার অবনতি ঘটে, লোকসানে পড়ে আইএফআইসি ব্যাংকও। এ অবস্থায় ২০১৩ ও ২০১৪ সালে ব্যাংকটিতে আরও বিনিয়োগ করে আইএফআইসি। নতুন করে প্রায় ৯৯ লাখ ডলার বিনিয়োগ করা হয়। তাতে নেপাল বাংলাদেশ ব্যাংকে আইএফআইসির শেয়ারের পরিমাণ বেড়ে দাঁড়ায় ৪০ দশমিক ৯১ শতাংশে।

এনবিবি ব্যাংকটির প্রায় ৪১ শতাংশ শেয়ার থাকায় আইএফআইসি ব্যাংকের তিনজন পরিচালক রয়েছেন সেখানে। ব্যাংকটির চেয়ারম্যান হিসেবে রয়েছেন আইএফআইসির প্রতিনিধি এ.আর.এম. নাজমুস সাকিব। চলতি তৃতীয় প্রান্তিকে এনবিবির নিট মুনাফা হয় ১৬৩ কোটি নেপালি রুপি। ব্যাংকটির নিট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৯ হাজার ৬৯৫ কোটি রুপি। ব্যাংকটিতে খেলাপি ঋণের পরিমাণ ১ দশমিক ৯১ শতাংশ। আর চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে আইএফআইসি ব্যাংকের নিট মুনাফা হয় ৭৫ কোটি টাকা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত