দিনাজপুর সদরে পাটক্ষেত থেকে এক ব্যক্তির অজ্ঞাত লাশ উদ্ধার হয়েছে। অন্যদিকে গাজীপুরের কালীগঞ্জে বিল থেকে এক শিশুর মরদেহ উদ্ধার হয়েছে। গতকাল মঙ্গলবার দিনের পৃথক সময়ে লাশ দুটি উদ্ধার হয়। প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন :
দিনাজপুর : গতকাল মঙ্গলবার দুপুরে সদর উপজেলার ৩ নম্বর ফাজিলপুর ইউনিয়নের পূর্ব পাড়গাঁও এলাকায় পাট ক্ষেতের আইল থেকে অজ্ঞাত (৩২) ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার জানান, স্থানীয়রা খবর দিলে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে। নিহতের শরীরে কোনো ধরনের আঘাতের চিহ্ন নেই। এটা স্বাভাবিক মৃত্যু হতে পারে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। নিহত ব্যক্তি শরীরে লাল রঙের শার্ট এবং সাদা ও নীল রং মিশ্রিত লুঙ্গি পরিহিত ছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
গাজীপুর : গতকাল সকালে জেলার কালীগঞ্জ উপজেলার জাঙ্গালীয়া ইউনিয়নের মরাশ (পূর্বপাড়া) গ্রামের বিল থেকে মো. আলিফ হোসেন (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত শিশু আলিফ ওই গ্রামের মো. শফিকুল ইসলামের ছেলে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুল হক জানান, আলিফ বাড়ির পাশের একটি কালভার্টে খেলা করছিল। হঠাৎ কোনো এক সময় বিলের পানিতে পড়ে যায়। পরে কালভার্টের নিচে বিলের পানিতে শিশুটির লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
