স্কুলের দেয়াল ধসে দুই শ্রমিক নিহত

আপডেট : ১৪ জুলাই ২০২১, ০৩:১১ এএম

নারায়ণগঞ্জের বন্দরে সিটি করপোরেশনের ড্রেন নির্মাণকাজ করার সময় একটি সরকারি প্রাইমারি স্কুলের দেয়াল ধসে পড়ে দুই শ্রমিক নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও একজন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলো হৃদয় হোসেন (৩০), দুলালী বেগম (৩৫)। আহত মিম আক্তারের (৩৬) অবস্থাও আশঙ্কাজনক।

গতকাল মঙ্গলবার দুপুর ১টায় বন্দরের উত্তর লক্ষণখোলা এলাকায় সিটি করপোরেশনের ড্রেনের নির্মাণকাজ চলছিল। এ সময় ঠিকাদার নিরাপত্তা ব্যবস্থা না করে ড্রেনের কাজ করার সময় প্রইমারি স্কুলের দেয়াল ধসে পড়ে তিন শ্রমিকের ওপর। গুরুতর আহত শ্রমিকদের প্রথমে তাদের বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জরুরি বিভাগের চিকিৎসক তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

সোনারগাঁও ও রূপগঞ্জ এলাকার ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক তানহারুল ইসলাম দেশ রূপান্তরকে জানান, আহত তিনজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। এখন ধসে পড়া দেয়ালটি উদ্ধারের কাজ করা হচ্ছে।

এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা জানান, উত্তর লক্ষণখোলা এলাকায় সড়কে ড্রেন নির্মাণকাজ করছিল রাসেল নামে এক ঠিকাদার। আহত তিন শ্রমিকের মধ্যে একজন পুরুষ ও একজন নারী শ্রমিকের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশ তদন্ত করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত