চট্টগ্রামে শনাক্তের রেকর্ড সিলেটে ৩০ হাজার ছাড়াল

আপডেট : ১৪ জুলাই ২০২১, ০৩:৫৫ এএম

মহামারী করোনাভাইরাসে পুরো দেশই বিপর্যস্ত। প্রতিদিনই হচ্ছে শনাক্ত বা মৃত্যুর রেকর্ড। এর মধ্যই আগামী ২১ জুলাই ঈদুল আজহা উপলক্ষে এই বিধিনিষেধ আট দিনের জন্য শিথিল করা হয়েছে। সংক্রমণের ঊর্ধ্বমুখী প্রবণতায় বর্তমানে বিশ্বে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হচ্ছে যেসব দেশে, সেই তালিকায় ১১তম অবস্থানে চলে এসেছে বাংলাদেশ। আর করোনায় মৃত্যুর দিক দিয়ে বাংলাদেশ এখন নবম অবস্থানে। এই পরিস্থিতিতে লকডাউন শিথিল করায় আরও ভয়াবহ পরিস্থিতির আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। গতকালও করোনা সংক্রমণের একাধিক রেকর্ড হয়েছে দেশের বিভিন্ন এলাকায়। সিলেটে ৩০ হাজার করোনা রোগীর মাইলফলক ছুঁয়েছে।  চট্টগ্রামে হয়েছে ২৪ ঘণ্টায় শনাক্তের রেকর্ড। দেশ রূপান্তরের সংশ্লিষ্ট এলাকার নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিতÑ

সিলেটে শনাক্ত ৩০ হাজার : সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় ৫৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪১ দশমিক ৭০ শতাংশ। এ নিয়ে বিভাগের করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে। একই সময়ে মারা গেছেন পাঁচজন। গতকাল মঙ্গলবার দুপুরে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, গত সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৯৫ জনের নমুনা পরীক্ষা করে ৫৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম বলেন, সিলেট বিভাগে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন ৩৭৪ জন। এর মধ্যে ২৮৪ জন চিকিৎসা নিচ্ছেন সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে। এ ছাড়া সুনামগঞ্জের বিভিন্ন হাসপাতালে ৪১ জন, হবিগঞ্জে ৭ জন ও মৌলভীবাজারে বিভিন্ন হাসপাতালে ৪২ জন চিকিৎসাধীন।

রংপুর বিভাগে করোনায় ১৪ জনের মৃত্যু : রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ১৪ জন মারা গেছেন। একই সময়ে নতুন করে ৬০৫ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় বিভাগে শনাক্তের হার ৩১ দশমিক ৮৪ শতাংশ। বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে।

গত সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ঠাকুরগাঁও জেলায় সর্বোচ্চ ৭ জন রয়েছেন। এ ছাড়া দিনাজপুরে ৩ জন, রংপুরে ২ জন, নীলফামারী ও গাইবান্ধায় ১ জন করে রয়েছেন। এদিকে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৯০০ জনের নমুনা পরীক্ষা হয়েছে। নতুন শনাক্ত হওয়া ৬০৫ জনের মধ্যে দিনাজপুর জেলায় ১৩৮ জন, ঠাকুরগাঁওয়ে ৯৪ জন, নীলফামারীতে ৮১ জন, লালমনিরহাটে ১৭ জন, গাইবান্ধায় ৫৫ জন, রংপুরে ৯৮ জন ও পঞ্চগড় ও কুড়িগ্রামে ৬১ জন করে রয়েছেন। এ নিয়ে বিভাগে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৩৩ হাজার ৯৩৪। একই সময়ে বিভাগে গত ২৪ ঘণ্টায় ৫৮৭ জন সুস্থ হয়েছেন।

স্বাস্থ্য বিভাগ সূত্রে আরও জানা গেছে, গত এক দিনে করোনায় ১৪ জনের মৃত্যু নিয়ে বিভাগে মোট ৬৮৫ জনের মৃত্যু হলো। এর মধ্যে দিনাজপুর জেলায় সর্বোচ্চ ২৩২ জন মারা গেছেন। অন্যদের মধ্যে রংপুরে ১৩৬ জন, ঠাকুরগাঁওয়ে ১২৭ জন, পঞ্চগড়ে ৩৩ জন, নীলফামারীতে ৪৬ জন, লালমনিরহাটে ৪৩ জন, কুড়িগ্রামে ৩৫ জন ও গাইবান্ধায় ৩৩ জন রয়েছেন।

চট্টগ্রামে করোনায় রেকর্ড শনাক্ত : চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে ১০ জন মারা গেছেন। একই সময়ে নতুন করে রেকর্ড ৯৫৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ যাবৎকালে এক দিনে করোনা শনাক্তে এটি সর্বোচ্চ। শনাক্তের হার ৩৬ শতাংশ। মঙ্গলবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো করোনাসংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এর আগে সোমবার সর্বোচ্চ ৮৮৩ জনের করোনা শনাক্ত হয়েছিল। সরকারি হিসাব অনুসারে, চট্টগ্রামে এখন পর্যন্ত ৬৬ হাজার ৭৮৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। করোনায় চট্টগ্রামে মারা গেছেন মোট ৭৯০ জন। জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৬৪৯ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়।

খুলনা বিভাগে ৪৮ জনের মৃত্যু : খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ২২০ জনের নমুনা পরীক্ষা করে ১ হাজার ৫৮৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩০ দশমিক ৪২ শতাংশ। এ নিয়ে বিভাগে করোনা শনাক্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৭৪ হাজার ৭৮০। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্তদের মধ্যে মারা গেছেন ৪৮ জন। মঙ্গলবার খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন সূত্রে এসব তথ্য জানা গেছে।

এর আগের ২৪ ঘণ্টায় ১ হাজার ৬৪২ জনের করোনা শনাক্ত এবং ৪৮ জনের মৃত্যু হয়। ওই দিন শনাক্তের হার ছিল ২৯ দশমিক ৬৯ শতাংশ। ২৪ ঘণ্টায় শনাক্ত সামান্য কমলেও একই সংখ্যক মৃত্যুর ঘটনা ঘটেছে। আর শনাক্তের হার কিছুটা বেড়েছে। প্রতিবেদন সূত্রে জানা যায়, খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় আরটি-পিসিআরের মাধ্যমে ১ হাজার ৯০৩টি, জিন এক্সপার্টে ৮১টি এবং র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় ৩ হাজার ২৩৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। আগের দিনের চেয়ে ৩১১টি নমুনা পরীক্ষা কম হয়েছে। বিভাগের মধ্যে শনাক্তের সর্বোচ্চ হার নড়াইল জেলায় ৪০ দশমিক ৯৮ শতাংশ। আর শনাক্তের সর্বনিম্ন হার সাতক্ষীরা জেলায় ২০ দশমিক ৭৩ শতাংশ।

বিভাগের মধ্যে শনাক্তের সর্বোচ্চ হার নড়াইল জেলায় ৪০ দশমিক ৯৮ শতাংশ। আর শনাক্তের সর্বনিম্ন হার সাতক্ষীরা জেলায় ২০ দশমিক ৭৩ শতাংশ।

রাজশাহী বিভাগে ২২ জনের মৃত্যু : রাজশাহী বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ২২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে ১ হাজার ৯৬ জনের করোনায় মৃত্যু হলো। একই সময়ে নতুন করে ১ হাজার ৮ জনের করোনা শনাক্ত হয়েছে। মঙ্গলবার রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমা আক্তার স্বাক্ষরিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, বিভাগে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে নাটোরে সর্বোচ্চ ৮ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া নওগাঁয় ৫, বগুড়ায় ৩, রাজশাহী, জয়পুরহাট ও সিরাজগঞ্জে ২ জন করে মারা গেছেন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ১৮ জনের মৃত্যু : ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ১০ জন এবং সন্দেহভাজন করোনা উপসর্গ নিয়ে মারা যায় ৮ জন। এ তথ্য নিশ্চিত করেছেন করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন। এদিকে সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৯৭৫টি নমুনা পরীক্ষায় আরও ২৬৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৭.১৭ শতাংশ। জেলায় মোট শনাক্ত ১০ হাজার ৪১১ জন। সুস্থ হয়েছে ৭ হাজার ৭২২ জন। মোট মৃত্যু ১০৫ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত