নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুড লিমিটেডের শ্রমিকরা দ্রুত কারখানা খুলে দেওয়ার দাবি জানিয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেলে কর্ণগোপ এলাকার কারখানার সামনে অবস্থান নিয়ে শ্রমিকরা এ দাবি করেন। এ সময় অগ্নিকান্ডে নিহতের পরিবারদের প্রতি সমবেদনাও জানান তারা। পাশাপাশি অগ্নিকান্ডের ঘটনায় প্রকৃত দোষীদের শাস্তিও দাবি করেন শ্রমিকরা।
শ্রমিকরা জানান, প্রায় ৫ হাজার শ্রমিক-কর্মচারী এখানে চাকরি করে জীবিকা নির্বাহ করেন। গত ১৫ দিন আগেও বকেয়া বেতন-ভাতা ও ওভারটাইমের দাবিতে কারখানার শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। পরে প্রশাসনের সহযোগিতায় কারখানা কর্র্তৃপক্ষ শ্রমিকদের দাবিকৃত বেতন-ভাতা ও ওভারটাইম পরিশোধ করার আশ্বাস দিলে শ্রমিকরা শান্ত হন। এর এক সপ্তাহ পরই কারখানার ৬ তলা একটি ভবনে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আর অগ্নিকান্ডে তাদের ৫২ জন সহকর্মীর মর্মান্তিক মৃত্যু হয়।
তবে কোরবানির ঈদ সামনে রেখে কারখানা বন্ধ থাকায় শ্রমিকরা চিন্তিত হয়ে পড়েছেন। বেকার হয়ে যাওয়ার ভয়ে তারা যত দ্রুত সম্ভব কারখানা চালুর দাবি জানান।
এদিকে বকেয়া বেতন-ভাতার বিষয়ে কারখানার ম্যানেজার (ভ্যাট) নুরুজ্জামান বলেন, দুই হাজার শ্রমিকের বকেয়া বেতন-ভাতা পরিশোধ করা হয়েছে। শ্রমিকদের খোঁজখবর রাখছি। হতাহত শ্রমিকদের চিকিৎসা ব্যয়সহ আর্থিক সহযোগিতা করতেও রাজি কারখানা কর্র্তৃপক্ষ।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৮ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে রূপগঞ্জের কর্ণগোপ এলাকায় সজীব গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান হাসেম ফুডস লিমিটেডের কারখানার ছয়তলা একটি ভবনে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় ৫২ জনের প্রাণহানি হয়েছে। এ ঘটনায় প্রতিষ্ঠানের মালিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। সেই মামলায় তাদের গ্রেপ্তার করে চার দিনের রিমান্ডে নিয়েছে। অগ্নিকান্ডের ঘটনায় তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যদের তদন্ত চলছে।
