গাইবান্ধা সদর উপজেলায় মাকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে। গত সোমবার রাতে উপজেলার বোয়ালি ইউনিয়নের থানসিংহপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত খাতিজা বেগম (৪৮) ওই গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (এএসআই) সাদেক আলীর স্ত্রী। ঘটনার পর থেকে ছেলে শাওন মিয়া (২৫) পলাতক রয়েছে।
নিহতের পরিবার, পুলিশ ও স্থানীয়রা জানায় শাওন মিয়া মাদকাসক্ত। এজন্য প্রায়ই সে নেশাদ্রব্য কেনার টাকার জন্য মা-বাবাকে নির্যাতন করত। সোমবার রাতে নেশাদ্রব্য কেনার জন্য প্রথমে বাবার কাছে টাকা দাবি করে। না দেওয়ায় তাকে মারধর করে শাওন। এ সময় প্রতিবেশীরা এসে পরিস্থিতি শান্ত করে।
পরে রাত সাড়ে ১২টার দিকে মাকে ঘুম থেকে ডেকে তুলে টাকা চায় শাওন। দিতে না চাইলে মারধর করে। এ সময় শাওন বাঁশ দিয়ে আঘাত করলে খাতিজা বেগম গুরুতর আহত হন। তার আর্তচিৎকারে প্রতিবেশীরা এসে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় খাতিজা বেগমের মৃত্যু হয়।
এ বিষয়ে গাইবান্ধা সদর থানার ওসি মো. মাহফুজুর রহমান জানান, ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা প্রক্রিয়াধীন। শাওনকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
