ঘরমুখো মানুষের ঈদযাত্রা নিরাপদ করতে তৎপর নৌ মন্ত্রণালয়। যাত্রীদের শতভাগ স্বাস্থ্য বিধি মানতে হবে। মাস্ক পরিধান ছাড়া নৌ ভ্রমণ করলে যাত্রীদের জরিমানা করা হবে। এ জন্য লঞ্চ মালিকদের সচেতন থাকতে হবে এর ব্যতিক্রম হলে লঞ্চ কর্তৃপক্ষকেও জরিমানা করা হবে বলে জানিয়েছেন নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
বুধবার দুপুর বারটায় সদরঘাট পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
মন্ত্রী আরও বলেন, গার্মেন্টস কারখানা বন্ধ থাকায়, ঈদের আগে পরে বহু শ্রমিক ঢাকা ছাড়বে। তাদের যাত্রা নির্বিঘ্ন করতে কাজ করা হচ্ছে। কর্মহীন নৌ শ্রমিকদের প্রণোদনা দেয়া হবে বলেও জানান তিনি।
ঈদকে ঘিরে সদরঘাটের উন্নয়নকাজ চলছে। নতুন পন্টুন লাগানো হচ্ছে। নতুন পল্টুন নিয়ে মন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর জন্য আমরা এই সুন্দর সদরঘাট দেখতে পাচ্ছি। এর আগে আমরা এটা কল্পনাও করতে পারিনি। আগে মানুষ বলত ওপরে ফিটফাট ভেতরে সদরঘাট। আর এখন আমরা বলতে পারি দেখতে হলে ফিটফাট চলে যাও সদরঘাট।
বুধবার রাত ১২ টা থেকে সদরঘাট থেকে দক্ষিণ বাংলার রুটে চালু হচ্ছে লঞ্চ। চলবে আগামী ২৩ জুলাই পর্যন্ত।
