টেস্টের জন্য নিজে উপযুক্ত কিনা তার প্রমাণ সম্ভবত সবচেয়ে সেরা উপায়ে দিয়ে গেছেন মাহমুদউল্লাহ। এরপর লাল বলের ফরম্যাট থেকে নিলেন অবসর। যদিও তার অবসরটি এখনো অনানুষ্ঠানিকই রয়ে গেছে। এর মাঝেই টেস্টে নিজের র্যাঙ্কিং নিয়ে সুখবর পেলেন মাহমুদউল্লাহ।
জিম্বাবুয়ের বিপক্ষে হারারে টেস্টে এক সেঞ্চুরিতেই টেস্ট ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে ১৯ ধাপ এগিয়েছেন তিনি। বাংলাদেশের হয়ে বিদেশের মাটিতে সেরা বোলিংয়ের নজির গড়া মেহেদী হাসান মিরাজেরও উন্নতি হয়েছে র্যাঙ্কিংয়ে।
হারারে টেস্টে অপরাজিত ১৫০ রান মাহমুদউল্লাহকে ব্যাটারদের তালিকায় ৪৪ নম্বরে তুলে এনেছে। বাংলাদেশের ওই ইনিংসেই গুরুত্বপূর্ণ ৯৫ রান করা লিটন দাস র্যাঙ্কিংয়ে ১৫ ধাপ এগিয়ে ৫৫তম স্থানে উঠে এসেছেন।
মিরাজ বোলারদের র্যাঙ্কিংয়ে ৬ ধাপ এগিয়ে এখন ২৪ নম্বরে। ম্যাচে পাঁচ উইকেট নিয়ে ৯৫ থেকে ৮৯তম স্থানে উঠে এসেছেন পেসার তাসকিন আহমেদ।
