দেশি-বিদেশি বিনিয়োগকারীদের অনলাইনে সেবা দিতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) অনলাইন ওয়ান স্টপ সার্ভিস পোর্টালকে (ওএসএস) সহায়তা করবে ৫ প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানগুলো হচ্ছে- কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন পরিদপ্তর, রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি), মেট্রোপলিটান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, সিটি ব্যাংক, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর। গতকাল বুধবার এ বিষয়ে পাঁচ প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বিডার সঙ্গে সমঝোতা স্মারকে সই করেন।
গতকাল বুধবার প্রতিষ্ঠানটি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এর ফলে ৫ প্রতিষ্ঠানের ১৪টি সেবা পাবেন বিনিয়োগকারীরা। চুক্তি উপলক্ষে ভার্চুয়াল প্ল্যাটফর্মে আয়োজিত অনুষ্ঠানে বিডার নির্বাহী চেয়ারম্যান সিরাজুল ইসলামের সভাপতিত্বে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সিরাজুল ইসলাম বলেন, বিনিয়োগকারীদের ১৪টি সেবা দেওয়ার লক্ষ্যে পাঁচটি প্রতিষ্ঠানের সঙ্গে আমাদের সমঝোতা হচ্ছে। এটি বাস্তবায়ন হলে বিনিয়োগকারীরা সহজেই আরও বেশি বিনিয়োগ সেবা পাবেন। ইতিমধ্যে বিডা ২৫টি প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক করেছে। এর মধ্যে ১৫ প্রতিষ্ঠানের মোট ৪৭টি সেবা আমরা ওএসএসের মাধ্যমে দিচ্ছি। ওএসএস চালুর পর থেকে বিনিয়োগকারীদের প্রায় ২৫ হাজার সেবা অনলাইনের মাধ্যমে দেওয়া সম্ভব হয়েছে।
নতুন সমঝোতা স্মারকের ভিত্তিতে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর থেকে পাওয়া যাবে পাঁচটি সেবা। সেগুলো হলো ই-ভিসার মেয়াদ বাড়ানো, ই-১ ভিসার মেয়াদ বাড়ানো, পিআই ভিসার মেয়াদ বাড়ানো, এ-৩ ভিসার মেয়াদ বাড়ানো, বিডা কর্তৃক কর্মানুমতি ইস্যুর বিপরীতে প্রযোজ্য শ্রেণির ভিসার মেয়াদ বাড়ানো (সাংবাদিক, খেলোয়াড় ইত্যাদি)।
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন পরিদপ্তর দেবে তিনটি সেবা। সেগুলো হলো- লাইসেন্স প্রদান, কলকারখানা মেশিন লে-আউট প্ল্যান অনুমোদন এবং লাইসেন্স নবায়ন ও সংশোধন। ইপিবি দেবে দুটি সেবা।
