দোকানপাট খুলছে আজ বেচাকেনা নিয়ে শঙ্কা

আপডেট : ১৫ জুলাই ২০২১, ০২:২৫ এএম

দেশজুড়ে সরকার ঘোষিত ‘লকডাউনে’ গত দুই সপ্তাহ যাবৎ সব ধরনের মার্কেট ও শপিং মল বন্ধ ছিল। কিন্তু ঈদ উপলক্ষে আগামী আট দিন চলমান ‘বিধিনিষেধ’ শিথিলের ঘোষণায় আজ বৃহস্পতিবার থেকে সারা দেশে দোকানপাট খুলছে। দীর্ঘদিন পর মার্কেট খোলার অনুমতি পেয়ে ব্যস্ত সময় পার করছেন রাজধানীর বিভিন্ন মার্কেটের ব্যবসায়ীরা। গতকাল বুধবার নিউমার্কেট, ইস্টার্ন প্লাজা, মোতালিব প্লাজা, গুলিস্তান, সদরঘাট, ইসলামপুরসহ বেশ কয়েকটি মার্কেট সরেজমিন ঘুরে দেখা যায়, কিছু কিছু দোকানে কর্মচারীরা ধোয়ামোছার কাজ করছেন। কেউ আবার কাপড়চোপড় ঠিকঠাকভাবে সাজিয়ে রাখছেন। তবে অনেক দিন পর দোকানপাট খুলতে পেরে খুশি হলেও ‘সন্তোষজনক’ বেচাকেনা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন ব্যবসায়ীরা। একাধিক ব্যবসায়ী দেশ রূপান্তরকে বলেন, ‘কোরবানির ঈদে কেউ জামাকাপড় কেনে না। সবাই গরু নিয়েই ব্যস্ত থাকে। এখন দোকান খুললেও রোজার ঈদের মতো জমজমাট হবে না।’

রাজধানীর ইস্টার্ন প্লাজা শপিং কমপ্লেক্সের ব্যবসায়ী আব্দুল্লাহ আল মামুন সরকার বলেন, ‘দুপুরের দিকে একটু মার্কেটে আসলাম। এখন দোকানটা ধোয়ামোছা করব। কাল (আজ) দোকান খুলেই যেন বেচাকেনা করতে পারি। তাই এই প্রস্তুতি নেওয়া। তবে মার্কেট খুলে কেমন বেচাকেনা হবে, তা এখনো বোঝা যাচ্ছে না।’

ইসলামপুরের ব্যবসায়ী ওয়ালীদ হোসেন বলেন, ‘দোকান খোলা থাকলেও যারা পাইকারি ব্যবসা করেন, তাদের জন্য কোনো লাভ হবে না। কারণ আমাদের এখানকার মালামাল সারা দেশের পাইকাররা কেনে। এখন এই ক’দিনের জন্য তেমন পাইকার ইসলামপুরে আসবে না। তবে মার্কেট খোলায় ব্যবসায়ীদের জন্য কিছুটা হলেও লাভজনক হবে।’

সদরঘাটের গ্রেট ওয়াল শপিং সেন্টারের গাজী বাবু ইউনিক কালেকশনের ম্যানেজার রাফসান দিগন্ত বলেন, ‘দোকান খুলবে এটা ভালো কথা, কিন্তু কেমন বেচাকেনা হবে তা তো বাঝা যাচ্ছে না। তবে করোনার জন্য কয়েক বছর ধরে ব্যবসার অবস্থা খুব খারাপ।’

এ বিষয়ে বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন দেশ রূপান্তরকে বলেন, ‘ঈদের আগে দোকান খোলায় ব্যবসায়ীরা কিছুটা খুশি। কিন্তু দোকান খুলে তেমনটা বেচাকেনা হবে না। দেখা যাবে শুধু ধোয়ামোছা করতে করতেই কয়দিন কেটে যাবে। আর কোরবানি ঈদে তো সবাই গরু কেনায় ব্যস্ত থাকে।’ এ সময় সবাই যেন স্বাস্থ্যবিধি মেনে দোকান পরিচালনা করে, সে বিষয়ে সমিতির পক্ষ থেকে মনিটরিং করা হবে বলেও জানান এই ব্যবসায়ী নেতা।

গত মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে বলা হয়, ১৪ জুলাই মধ্যরাত থেকে ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত সব বিধিনিষেধ শিথিল করা হবে। প্রজ্ঞাপন জারির পর শপিং মল বা মার্কেটসহ দোকানপাট খোলা রাখার সিদ্ধান্ত নেয় ঢাকা মহানগর দোকান মালিক সমিতি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত