বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট ছাড়ার ঘোষণা দিয়েছে জোটের অন্যতম শরিক জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। গতকাল বুধবার পুরানা পল্টনে কেন্দ্রীয় কমিটির জরুরি সভা শেষে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া। সংবাদ সম্মেলনে জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা জিয়া উদ্দীন আহমেদ উপস্থিত ছিলেন।
তিনি বলেন, ‘২০ দলীয় জোট ত্যাগ করা জমিয়তের জন্য কল্যাণকর। বিভিন্ন সময় রাজনৈতিক ইস্যুতে বিএনপির একক সিদ্ধান্তের কারণে জমিয়তে উলামায়ে ইসলামের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। তাই জমিয়ত মনে করে ২০ দলীয় সমর্থন প্রত্যাহার করা আমাদের জন্য কল্যাণকর। আজ থেকে জোটের কোনো কার্যক্রমে জমিয়ত থাকবে না।’
জোট ছাড়ার কারণ হিসেবে তিনি বলেন, জোটের শরিক দলের যথাযথ মূল্যায়ন না করা, শরিকদের সঙ্গে পরামর্শ না করেই উপনির্বাচন এককভাবে বর্জন করা, আলেমদের গ্রেপ্তারের যথাযথ প্রতিবাদ না করা, জমিয়ত মহাসচিব মরহুম আল্লামা নূর হোসেন কাসেমীর মৃত্যুতে বিএনপির পক্ষ থেকে সমবেদনা না জানানো এবং তার জানাজায় শরিক না হওয়া। এছাড়া সংবাদ সম্মেলনে মাদ্রাসা খুলে দেওয়া, কোরবানির পশুর চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিত করার দাবি জানানো হয়।
তিনি বলেন, ইসলামি মূল্যবোধের প্রতি বিএনপির অনাস্থা ও জোটের শরিক দল হিসেবে যথাযথ মূল্যায়ন করা হচ্ছে না। সংবাদ সম্মেলনে মাদ্রাসা খুলে দেওয়া, কোরবানির পশুর চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিত করার দাবি জানান তিনি।
