স্বজনদের কাছেই বুঝিয়ে দেওয়া হবে ৪৮ লাশ

আপডেট : ১৫ জুলাই ২০২১, ০৪:২৭ এএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সজীব গ্রুপের হাসেম ফুড অ্যান্ড বেভারেজ কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে কয়লা হওয়া ৪৮ লাশ এখনো হাসপাতাল মর্গে পড়ে আছে। লাশগুলো থেকে ডিএনএ নমুনা সংগ্রহ হয়ে যাওয়ায় তাদের কবে দাফন করা হবে, এ প্রশ্ন দেখা দিয়েছে। তাদের বেয়ারিশ হিসেবে দাফন করতে চাইছে না পুলিশ।

ইতিমধ্যে ৪৮ লাশের ৬৮ জন দাবিদার পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কাছে ডিএনএ নমুনা জমা দিয়েছেন। লাশ ও স্বজনদের নমুনা মেলানোর পর পরিচয় নিশ্চিত হয়ে স্বজনদের কাছেই লাশগুলো বুঝিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জায়েদুল আলম দেশ রূপান্তরকে বলেন, ‘সিআইডির ফরেনসিক বিভাগ ৪৮ লাশের ডিএনএ নমুনা সংগ্রহের পাশাপাশি লাশগুলোর দাবিদারদের নমুনা সংগ্রহ করেছে। তারা উভয় নমুনা মিলিয়ে দেখে লাশগুলোর পরিচয় নিশ্চিত করবে। তবে আমাদের এখন পর্যন্ত পরিকল্পনা হচ্ছে, লাশের পরিচয় নিশ্চিত হওয়ার পর তাদের স্বজনদের কাছেই বুঝিয়ে দেওয়া হবে।

ঢামেক ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান ডা. মোহাম্মদ মাকসুদ বলেন, ‘রূপগঞ্জের ঘটনায় আমাদের কাছে ৪৮টি লাশ এসেছে। সেগুলো থেকে নমুনা সংগ্রহের পর স্থান সংকুলান না হওয়ায় ঢামেকের জরুরি বিভাগসংলগ্ন মর্গে ৮টি এবং সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে ১৩টি লাশ রাখা হয়। বাকিগুলো ঢামেক মর্গে রয়েছে।

এতগুলো লাশ মর্গে ময়নাতদন্ত কার্যক্রমে সমস্যা হওয়ায় প্রথম দিন থেকেই দাফন করার পরামর্শ দেওয়া হচ্ছে পুলিশকে। কিন্তু পুলিশের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত