রাজধানীর মোহাম্মদপুর থেকে জাল নোট তৈরি ও মাদক ‘কারবারি চক্রের’ চার সদস্যকে আটক করেছে র্যাব। গত মঙ্গলবার রাতে ন্যাশনাল হেলথ কেয়ার জেনারেল হাসপাতাল থেকে তাদের আটক করা হয়। তারা হলো সাহাদৎ হোসেন মামুন (৪৬), মহিন উদ্দিন মামুন (৪৬), রহমত উল্লাহ (৩২) ও আকরাম হোসেন (৫২)।
গতকাল বুধবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে র্যাব-২-এর অধিনায়ক খন্দকার সাইফুল আলম বলেন, ‘উন্নত চিকিৎসার নামে বিভিন্ন সরকারি হাসপাতাল থেকে দালালের মাধ্যমে রোগী এনে আইসিইউতে ভর্তি, চেকআপের নামে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিত চক্রটি। এ ক্ষেত্রে দেশের বিভিন্ন প্রান্তের হাসপাতালসংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে তাদের যোগাযোগ ছিল। জেলা শহরের অ্যাম্বুলেন্সচালকদের প্রলোভন দেখিয়ে পছন্দের হাসপাতালে রোগী আনতে বাধ্য করত তারা। তা ছাড়া জাল নোট তৈরি ও মাদক কারবারের সঙ্গেও জড়িত ছিল চক্রটি।
