ব্যাংক থেকে লক্ষ্যমাত্রার ৩২ শতাংশ ঋণ নিয়েছে সরকার

আপডেট : ১৬ জুলাই ২০২১, ১২:১২ এএম

বিদায়ী অর্থবছরের শুরুতে সরকারের ব্যাংকঋণের তেমন প্রয়োজন না পড়লেও বছরের শেষদিকে এসে ঋণ বেড়েছে। অর্থবছর শেষে ব্যাংক ব্যবস্থা থেকে সরকারের নেওয়া ঋণ দাঁড়িয়েছে ২৬ হাজার ৭৮ কোটি টাকা। তবে এই ঋণ সরকারের লক্ষ্যমাত্রার তুলনায় অনেক কম। ২০১৯-২০ অর্থবছরে ব্যাংক থেকে রেকর্ড পরিমাণ ধার নিয়েছিল সরকার। মহামারীর কারণে ঋণের চাহিদা আরও বাড়বে বলে ধারণা করা হয়েছিল। ফলে বিদায়ী ২০২০-২১ অর্থবছরের বাজেট ঘাটতি মেটাতে ব্যাংক ব্যবস্থা থেকে ৮৪ হাজার ৯৮০ কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্য ঠিক করেছিল সরকার। তবে বছরের শুরু থেকে ঋণের চাহিদা কম থাকায় এ লক্ষ্য সংশোধন করে ৭৯ হাজার ৭৪৯ কোটি টাকা করা হয়। সেই হিসেবে ব্যাংক ব্যবস্থার সংশোধিত লক্ষ্যের ৩২ দশমিক ৭০ শতাংশ ঋণ নেয় সরকার।

বাজেট ঘাটতি মেটাতে অভ্যন্তরীণ ও বৈদেশিক উৎস থেকে ঋণ নিয়ে থাকে সরকার। অভ্যন্তরীণ উৎসের মধ্যে ব্যাংক ব্যবস্থা ও সঞ্চয়পত্র বিক্রির মাধ্যমেই সবচেয়ে বেশি ঋণ নেয়। গত অর্থবছরে সঞ্চয়পত্র বিক্রি বাড়ায় ব্যাংকঋণের চাহিদা কমে।

কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ তথ্য বলছে, অর্থবছরের শুরু থেকে ৩০ জুন পর্যন্ত বাণিজ্যিক ব্যাংক থেকে সরকার ঋণ নিয়েছে ৪৬ হাজার ১৭ কোটি টাকা। তবে এ সময় সরকার কেন্দ্রীয় ব্যাংক থেকে কোনো ধার করেনি। উল্টো আগের নেওয়া ঋণের ১৯ হাজার ৯৩৯ কোটি টাকা শোধ করেছে।

অর্থবছর শেষে ব্যাংক ব্যবস্থা থেকে সরকারের নেওয়া পুঞ্জীভূত ঋণের স্থিতি দাঁড়িয়েছে ২ লাখ ৩ হাজার ৯০১ কোটি টাকা। ২০২০ সালের ৩০ জুন সরকারের ব্যাংকঋণের স্থিতি ছিল ১ লাখ ৭৭ হাজার ৮২৩ কোটি টাকা।

চলতি ২০২১-২২ অর্থবছরের বাজেটে ঘাটতি ধরা হয়েছে অনুদান ছাড়া ২ লাখ ১৪ হাজার ৬৮১ কোটি টাকা, যা মোট জিডিপির ৬ দশমিক ২ শতাংশ। বাজেটের আয়-ব্যয়ের বিশাল ঘাটতি পূরণে প্রধান ভরসা ব্যাংক খাত। এবারও ঘাটতি পূরণে ব্যাংক খাত থেকে ৭৬ হাজার ৪৫২ কোটি টাকা ঋণ নেওয়ার পরিকল্পনা নিয়েছে সরকার।

জাতীয় সঞ্চয় অধিদপ্তরের সবশেষ তথ্য অনুযায়ী ২০২০-২১ অর্থবছরের প্রথম ১১ মাসে (জুলাই-মে) সব মিলিয়ে ১ লাখ ২ হাজার কোটি টাকার সঞ্চয়পত্র বিক্রি হয়েছে। এ বিক্রি অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। এর মধ্যে আগে বিক্রি হওয়া সঞ্চয়পত্রের সুদ-আসল বাবদ পরিশোধ করা হয়েছে ৬২ হাজার ৬১৬ কোটি ১৪ লাখ টাকা। সেই হিসাবে এ খাত থেকে সরকারের নিট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৩৭ হাজার ৩৮৫ কোটি ৯৮ লাখ টাকা।

২০২১-২২ অর্থবছরের সঞ্চয়পত্র থেকে ৩২ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্য ঠিক করা হয়েছে, যা গত অর্থবছরের চেয়ে লক্ষ্যমাত্রার ৬০ শতাংশ বেশি। গত অর্থবছরের বাজেটে এ খাতের ঋণের লক্ষ্য ছিল ২০ হাজার কোটি টাকা।

পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) তথ্য অনুযায়ী ২০২০-২১ অর্থবছরের ১১ মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন হয়েছে ৫৮.৩৬ শতাংশ, যা টাকার অঙ্কে ১ লাখ ২২ হাজার ১৩১ কোটি টাকা।

এদিকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাময়িক হিসাবের তথ্য অনুযায়ী সদ্য সমাপ্ত ২০২০-২১ অর্থবছর (জুলাই-জুন) শেষে ৩ লাখ ১ হাজার কোটি টাকার সংশোধিত লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে ২ লাখ ৫৬ হাজার কোটি টাকা। সংশোধিত লক্ষ্যমাত্রার তুলনায় ঘাটতি আছে ৪৫ হাজার কোটি টাকা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত