জিম্বাবুয়ের অদ্ভুত আচরণে অবাক তামিম

আপডেট : ১৬ জুলাই ২০২১, ১২:৪৩ এএম

ক্রিকেট এখন বদলেছে অনেক। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড সিরিজের শুরুতেই সম্ভাব্য একাদশ বলে দিচ্ছে। ম্যাচের আগের দিন তো পুরো দলই বলে দেয়। এশিয়ার মধ্যে এই অভ্যাস গড়ে তুলছে ভারতও। বাংলাদেশ অবশ্য এতদূর এগোয়নি। এখনো দল নিয়ে লুকোচুরি চলে। কিন্তু জিম্বাবুয়ে র‌্যাংকিংয়ে এত নিচে থেকেও এ কি শুরু করল? তিন ম্যাচের সিরিজ শুরু হচ্ছে আজ। সাধারণ দ্বিপক্ষীয় সিরিজ নয়, একেবারে বিশ্বকাপ বাছাই মানে সুপার লিগ কিন্তু সিরিজের আগের দিনও স্কোয়াডটাই দেয়নি। জিম্বাবুয়ের এমন কান্ডে তাই অবাক তামিম ইকবাল। বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক জানালেন, ক্যারিয়ারে এই প্রথম এমন অভিজ্ঞতায় পড়লেন। তাই প্রতিপক্ষ নিয়ে টিম মিটিংটাও করতে পারেননি।

সফরে একমাত্র টেস্টের আগের দিন বিরাট হোঁচট খায় জিম্বাবুয়ে। দলের দুই অভিজ্ঞ সদস্য অধিনায়ক শন উইলিয়ামস ও ক্রেইগ আরভিন করোনা পজিটিভ আত্মীয়ের সংস্পর্শে আসেন। বাধ্যতামূলক আইসোলেশনে যাওয়ায় ম্যাচ খেলতে পারেননি তারা। কিন্তু ওয়ানডে সিরিজে কি দুজন ফিরছেন? তামিম ইকবাল কেন, মিডিয়াও তা জানে না। বাংলাদেশ অধিনায়ক তাই বলেন, ‘এটা আমার কাছেও একটু আলাদা লাগছে, কারণ ২৪ ঘণ্টাও নেই এখনো আমরা প্রতিপক্ষের দল জানি না, কাদের বিপক্ষে খেলব। সাধারণত এই সময়ে টিমের ব্যাটিং, বোলিং, ফিল্ডিং নিয়ে আলোচনা করি আমরা। কিন্তু যদি দলই না জানি তো কাকে নিয়ে মিটিং করব? এটা এক প্রকার সারপ্রাইজ।’

তামিম বলছেন উইলিয়ামস ও আরভিন দলে ফেরার কোনো লক্ষণও দেখছেন না। কারণ টিম হোটেলে দুজনের কেউই নেই, ‘তাদের (উইলিয়ামস-আরভিন) খেলায় অংশ নেওয়া নিয়ে আসলে আমাদের কিছু বলার নেই। কিন্তু যতটুকু জানি কোনো খেলোয়াড় যদি খেলতে হয় আমরা যে হোটেলে আছি সে হোটেলে ১০ দিন কোয়ারেন্টাইনে থাকতে হয়। কিন্তু আমি এখনো পর্যন্ত তাদেরকে দেখিনি এখানে।’

তাই বলে নিজেদের কাজ তো ফেলে রাখতে পারেন না। তামিম ইকবাল জানালেন সেই প্রস্তুতিটা আছে। এবার দলে বেশি অপশন থাকায় নির্ভার অধিনায়ক। যদিও হঠাৎ করে মুশফিকুর রহিমকে দেশে ফিরে যেতে হওয়ায় তাকে পাচ্ছেন না। সেই জায়গায় নিশ্চিতভাবেই সুযোগ পেতে পারেন নুরুল হাসান সোহান। তিনিও উইকেটরক্ষক ব্যাটসম্যান। কিন্তু সমস্যাটা হলো সোহান নামেন লোয়ার অর্ডারে। আর মুশফিক খেলেন ওপরে। তার পজিশনেই প্রস্তুতি ম্যাচে লিটনকে খেলিয়ে দেওয়া হয়েছে। কিন্তু রান করতে পারেননি একমাত্র টেস্টে ৯৫ রানের দুর্দান্ত ইনিংস খেলা লিটন। সে কারণেই সোহান একাদশে থাকার শক্ত প্রতিদ্বন্দ্বী বলে জানান তামিম, ‘সোহান ঘরোয়া ক্রিকেটে খুব ভালো করেছে। এজন্যই সে জাতীয় দলে সুযোগ পেয়েছে। আমি সত্যি সন্তুষ্ট যে এমন পারফরমার দলে আছে। সে একাদশে খেলবে কিনা তা বলতে পারছি না কিন্তু সে খুবই শক্ত প্রতিদ্বন্দ্বী। মুশফিক তো নেই তাই সোহানের খেলার সুযোগ অনেক বেশি। আবার মোস্তাফিজ ফিফটি-ফিফটি, খেলতে না পারলে একাদশে দুটি পরিবর্তন থাকছেই। তবুও এখন একাদশে তো আরও উইকেটরক্ষক আছেন। তাই আমরা এ দিকটা নিয়ে আলোচনা করব।’

বাংলাদেশ দলের ‘বার্নিং ইস্যু’ এখন মাহমুদউল্লাহ রিয়াদের টেস্ট অবসর। যে বিষয়টি নিয়ে মাহমুদউল্লাহর মুখ থেকে কিছুই শোনা যায়নি। সংবাদমাধ্যমের তাই আগ্রহের শেষ নেই। এতদিনে দলের অন্যতম অভিজ্ঞ একজনকে পাওয়ায় অবধারিতভাবেই মাহমুদউল্লাহর অবসরের বিষয়টি সামনে এলো। তার ওপর টেস্টের পর অভিজ্ঞ অলরাউন্ডারের প্রস্তুতিতে না থাকা, অনুশীলন ম্যাচে না খেলা প্রশ্নের উদ্রেক করেছে। তাহলে মাহমুদউল্লাহ কি ওয়ানডেতে খেলছেন না? তামিম জানালেন এমন কিছুই না। বিশ্রাম নিতেই অনুশীলন ম্যাচে খেলেননি মাহমুদউল্লাহ। আর তার অবসরের ব্যাপারটি নিয়ে কোনো কিছু বলার নেই দলের কারও, ‘মাহমুদউল্লাহর বিষয়টি নিয়ে আমরা কিছু ভাবছি না এখন। এটা তার ব্যক্তিগত ব্যাপার। তিনি তার সিদ্ধান্ত জানিয়েছেন এবং ব্যাপারটা শেষ। এখন আমরা এটা নিয়ে একদমই ভাবছি না। ভবিষ্যতেও এই ব্যাপারটি নিয়ে আমাদের কিছু বলার নেই। আর টেস্টে তার খুব পরিশ্রম হয়েছে। টেস্ট ম্যাচের পরদিন কেউ অনুশীলনে যায় না। রিয়াদ ভাইও আসেনি, আর একটু বাড়তি বিশ্রামের জন্যই প্রস্তুতি ম্যাচ খেলেননি। কিন্তু ওইদিন লম্বা সময় নেটে অনুশীলন করেছেন। তো তাকে নিয়ে কোনো সমস্যা নেই। তিনি দলের সঙ্গে ঠিক আছেন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত