এসি মিলানের হয়ে গেল মৌসুমটা দুর্দান্ত কেটেছে ইতালির ইউরো জয়ের নায়ক জিয়ানলুইজি দোন্নারুমার। কিন্তু সেটিই ছিল তার চুক্তির শেষ বছর। থাকতেই চেয়েছিলেন সান সিরোতে। পারিশ্রমিকে মেলেনি। মিলান যা দিচ্ছিল তার থেকে কিছুটা বাড়িয়ে দিতে চাইলেও রাজি হননি ২২ বছর বয়সী গোলকি। ফ্রি এজেন্ট হওয়ায় পিএসজি’র বাৎসরিক এক কোটি ইউরো বেতনের প্রস্তাবটা নিয়ে নেন। কিশোর বয়স থেকে মিলানে কাটানো দোন্নারুমা পাঁচ বছরের চুক্তিতে বুধবার যোগ দিয়েছেন প্যারিসের ক্লাবে। এ মৌসুমে পিএসজিতে যোগ দেওয়া চতুর্থ খেলোয়াড় হলেন দোন্নারুমা। এর আগে লিভারপুল থেকে ডাচ মিডফিল্ডার জর্জিনিও উইনাল্ডাম, রিয়াল মাদ্রিদ থেকে স্প্যানিশ ডিফেন্ডার সার্জিও রামোস ও বরুসিয়া ডর্টমুন্ড থেকে মরোক্কান ফুলব্যাক আশরাফ হাকিমিকে দলে ভেড়ায় পিএসজি।
×
