রূপগঞ্জে অগ্নিকান্ড

হাসেম ফুডসের মালিকের বিরুদ্ধে শ্রম আদালতে আরেক মামলা

আপডেট : ১৬ জুলাই ২০২১, ০১:৩৯ এএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুড কারখানায় অগ্নিকান্ডের ঘটনায় কারখানার মালিক আবুল হাসেম ও উপ-মহাব্যবস্থাপক মামুনুর রশীদের বিরুদ্ধে শ্রম আদালতে মামলা করেছে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর। তাদের বিরুদ্ধে শ্রম আইনের ২০০৬-এর ৮০ ধারা লঙ্ঘনের অভিযোগে দন্ডবিধির ৩০৭ ধারায় অপরাধের অভিযোগ আনা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বিকেলে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর নারায়ণগঞ্জের উপ-মহাপরিদর্শক সৌমেন বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘আজ বেলা ১২টা ৫ মিনিটে আদালত মামলাটি গ্রহণ করেন। মামলাটি করেছেন সংস্থার পরিদর্শক নেছার আহমেদ।’

সৌমেন বড়–য়া জানান, নিহত ব্যক্তিদের ক্ষতিপূরণ প্রদান ও আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য খরচ যদি ওই কারখানার মালিক না দেন তাহলেও আমরা তার বিরুদ্ধে শ্রম আদালতে আরও কয়েকটি মামলার করব।

তিনি জানান, অগ্নিকান্ডের ঘটনার আগে ওই কারখানা পরিদর্শন করা হয়। তাদের কারখানায় নানা সমস্যা খুঁজে পাওয়া যায়। পরে গত ৩০ জুন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর নারায়ণগঞ্জ কার্যালয়ের সহকারী শ্রম পরিদর্শক সৈকত মাহমুদ বাদী হয়ে শ্রম আইনে হাসেম ফুডের বিরুদ্ধে মামলা করেন। কিন্তু কারখানার মালিকসহ কর্তৃপক্ষ সেই মামলার পরিপ্রেক্ষিতে কোনো জবাব দেননি।

তিনি বলেন, এমনকি দুর্ঘটনাজনিত প্রাণহানি হলে দুই কার্যদিবসের মধ্যে ওই ঘটনা কলকারখানা পরিদর্শককে নোটিস করে জানানোর বিধান থাকলেও হাসেম ফুডস কারখানাটি তা করেনি। এ কারণে কারখানার মালিক আবুল হাসেম ও উপ-মহাব্যবস্থাপক মামুনুর রশিদের বিরুদ্ধে শ্রম আইন ২০০৬-এর ৮০ ধারা লঙ্ঘনের অভিযোগে দন্ডবিধির ৩০৭ ধারায় অপরাধের অভিযোগ এনে মামলা করা হয়েছে।

গত ৮ জুলাই বিকেলে হাসেম ফুডস কারখানায় আগুন লাগে। এ ঘটনায় ৫২ জনের মৃত্যু হয়। জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর পৃথক তিনটি তদন্ত কমিটি গঠন করে। ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে কারখানার মালিক আবুল হাসেম, তার চার ছেলেসহ আটজনের বিরুদ্ধে হত্যা মামলা করে। পুলিশ তাদের চার দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে। গত বুধবার তাদের আদালতে হাজির করা হলে কারখানার মালিক আবুল হাসেমসহ ছয়জনকে কারাগারে পাঠানো হয়। হাসেমের দুই ছেলের জামিন মঞ্জুর করে আদালত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত