দক্ষিণ সিটির ৬৭৩১ কোটি টাকার বাজেট পাস

বেড়েছে উন্নয়ন ব্যয়, মশা নিধনে কমেছে বরাদ্দ

আপডেট : ১৬ জুলাই ২০২১, ০১:৫৮ এএম

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২০২১-২২ অর্থবছরের জন্য ৬ হাজার ৭৩১ কোটি ৫২ লাখ টাকার বাজেট পাস করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার নগর ভবনের মেয়র হানিফ অডিটরিয়ামে দক্ষিণ সিটির দ্বিতীয় পরিষদের ৮ম করপোরেশন সভায় সর্বসম্মতভাবে এ বাজেট পাস করা হয়।

সভায় ২০২০-২১ অর্থবছরের ৬ হাজার ৪৯ কোটি ৮০ লাখ টাকার সংশোধিত বাজেটও অনুমোদন দেওয়া হয়। এছাড়া প্রথমবারের মতো করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুল হককে ‘শুদ্ধাচার পুরস্কার’ ও ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. মোকাদ্দেস হোসেন জাহিদকে ‘শ্রেষ্ঠ কাউন্সিলর পুরস্কার’ দেওয়া হয়। আরিফুল হককে এক মাসের মূল বেতন, ক্রেস্ট ও সনদ এবং মোকাদ্দেস হোসেন জাহিদকে ৫০ হাজার টাকা, ক্রেস্ট ও সনদ দেওয়া হয়েছে।

সভা সূত্রে জানা গেছে, বাজেটে সরকারি থোক ও বৈদেশিক উৎস থেকে বরাদ্দ প্রস্তাব করা হয়েছে প্রায় ৫ হাজার ১৪০ কোটি টাকা। বাকি টাকা নিজস্ব খাত থেকে আদায় করা হবে। এবার নিজস্ব অর্থায়নে প্রায় ৮৩৮ কোটি টাকার উন্নয়নমূলক কাজ করবে দক্ষিণ সিটি। গত বছর নিজস্ব আয় থেকে উন্নয়নকাজে খরচ করা হয়েছে ৪৮৭ কোটি টাকা।

এদিকে মশকনিধনে গত বছরের তুলনায় এবার বাজেটে বরাদ্দ কমেছে। মশকনিধনে ব্যবহৃত কীটনাশক খাতে গত অর্থবছরে বরাদ্দ ছিল ৩০ কোটি টাকা। কিন্তু খরচ হয়েছে ৩৯ কোটি ৫০ লাখ টাকা। এবার এ খাতে বরাদ্দ রাখা হয়েছে ২২ কোটি ৫০ লাখ টাকা। আর মশা মারার যন্ত্র ফগার, হুইল ও স্প্রে মেশিন পরিবহনে গত অর্থবছরে ব্যয় করা হয়েছে ৩ কোটি ৭৫ লাখ টাকা। চলতি অর্থবছরেও একই পরিমাণ টাকা বরাদ্দ রাখা হয়েছে।

এ বাজেট প্রসঙ্গে মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, ‘এই বাজেট করপোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট। কিন্তু আমরা এখানেই থাকতে চাই না। সেজন্য ক্রমাগত আমাদের রাজস্ব আহরণের সক্ষমতা বাড়াতে হবে।’

সভার শুরুতে ২২ নম্বর ওয়ার্ডের প্রয়াত কাউন্সিলর জিন্নাত আলী স্মরণে এক মিনিট নীরবতা পালন ও বিশেষ মোনাজাত করা হয়। দক্ষিণ সিটির সচিব আকরামুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ স্বাগত বক্তব্য রাখেন। এছাড়া কাউন্সিলররা বিভিন্ন বিষয়ে তাদের মতামত তুলে ধরেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত