বাংলাদেশের সর্বোচ্চ ‘ডাক’ এখন তামিমের

আপডেট : ১৬ জুলাই ২০২১, ০৩:১১ পিএম

হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ব্যাটিংয়ে নেমেই এক অনাকাঙ্ক্ষিত রেকর্ড গড়ে বসেছেন তামিম ইকবাল। বাংলাদেশের সর্বোচ্চ ‘ডাক’র মালিক এখন তিনি।

ব্লেসিং মুজারাবানির বলে স্কয়ার-কাট করতে গিয়ে উইকেটরক্ষক রেগিস চাকাবার গ্লাভসে বন্দী হয়ে সাজঘরে ফেরেন তামিম। ৭ বল মোকাবিলা করেও রানের খাতা খুলতে পারেননি তিনি।

সেই সঙ্গে ডাক মেরে অনাকাঙ্ক্ষিত রেকর্ডটি নিজের করে নেন ৩২ বছর বয়সী টাইগার অধিনায়ক। বাংলাদেশের হয়ে তিন ফরম্যাটের ক্রিকেট মিলিয়ে ৪১২ ইনিংসে ৩৪ তম ডাক এটি তামিমের।

এতদিন ধরে মাশরাফি বিন মর্তুজার সঙ্গে রেকর্ডটি ভাগাভাগি করছিলেন। তবে এবার যেন ম্যাশকে এই লজ্জাজনক রেকর্ড থেকে মুক্তি দিলেন তামিম। ২৬২ ইনিংসে মাশরাফির ডাক ৩৩টি। তৃতীয় স্থানে থাকা মোহাম্মদ আশরাফুলের ৩১০ ইনিংসে ডাক ৩১টি। ৪২৮ ইনিংসে মুশফিকুর রহিমের ডাক ২৮ এবং পঞ্চম স্থানে থাকা হাবিবুল বাশার সুমনের ২০৪ ইনিংসে ডাক ২৫টি।

ওয়ানডেতে ১৯তম বারের মতো শূন্য রানে আউট হলেন তামিম। এখানেও বাংলাদেশিদের মধ্যে সবার উপরে তিনি। এতদিন ধরে সমান ১৮টি ডাক নিয়ে হাবিবুল বাশারের সঙ্গে একই আসন ভাগাভাগি করছিলেন তিনি।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত