ফেনীর সুলতানপুরে চাঁদা না পেয়ে শাহজালাল (২৭) নামে এক গরু ব্যবসায়ীকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আবুল কালাম ও তার সহযোগীদের বিরুদ্ধে। গত বৃহস্পতিবার রাত ৩টার দিকে সুলতানপুর এলাকার ক্যাডেট কলেজসংলগ্ন আহসান মিয়ার বাড়ির সামনে এ ঘটনা ঘটে। আবুল কালাম ফেনী পৌরসভার কাউন্সিলর ও ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। পুলিশ তার বাড়ি থেকে রক্তমাখা একটি পাঞ্জাবি ও ঘটনার সময় ব্যবহত দুটি মোটরসাইকেল উদ্ধার করেছে। এ ঘটনায় নিহতের চাচাতো ভাই আনোয়ার হোসেন বাদী হয়ে ওয়ার্ড কাউন্সিলর আবুল কালামকে প্রধান আসামি করে তিনজনের বিরুদ্ধে ফেনী মডেল থানায় মামলা করে। ঘটনায় জড়িত সন্দেহে সাগর নামে একজনকে আটক করেছে পুলিশ।
নিহত শাহজালাল (২৭) কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার সাগুলি গ্রামের আবদুল জব্বারের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গরু ব্যবসায়ী শাহজালাল ১৫টি গরু কিশোরগঞ্জ থেকে গাড়িবোঝাই করে এনে বিক্রির জন্য বাড়ির সামনে রাখে। একপর্যায়ে ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করে আবুল কালাম ও তার সহযোগীরা। এতে রাজি না হলে বাকবিত-ার এক পর্যায়ে গরুগুলো ছিনতাই করতে স্থানীয় কাউন্সিলর আবুল কালামসহ তার তিন সহযোগী অস্ত্র নিয়ে ব্যবসায়ী শাহজালালকে জিম্মি করে। এ সময় চিৎকার শুনে শাহজালালের চাচাতো ভাই মোঃ আল-আমিন ঘর থেকে বের হয়ে শাহজালালকে ছেড়ে দেওয়ার অনুরোধ করলে আল-আমিনকেও মারধর করে। পরে আল-আমিনের স্ত্রী সুমি কান্নাকাটি অনুরোধ করে, কালামের হাতে পায়ে ধরে আল-আমিনকে ছাড়িয়ে নেয়।
তাৎক্ষণিক ঘটনাটি জানাজানি হলে কাউন্সিলরসহ তার সহযোগীরা শাহজালালকে মোটরসাইকেলে তুলে নিয়ে গুলি করে পার্শ্ববর্তী একটি পুকুরে লাশ ফেলে পালিয়ে যায়। সকালে খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
এদিকে পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী পিপিএম বিপিএমবারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
ফেনী মডেল থানার ওসি নিজাম উদ্দিন জানান, ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। ঘটনার মূল আসামি ও সহযোগীদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।
