ওয়ান-ইলেভেনের কুশীলবরা এখনো ষড়যন্ত্র করছে : কাদের

আপডেট : ১৭ জুলাই ২০২১, ০৩:২৫ এএম

আরেকটা ওয়ান-ইলেভেন সৃষ্টি করতে সে সময়ের কুশীলবরা এখনো ষড়যন্ত্র করছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘ওয়ান-ইলেভেনের কুশীলবরা এখনো ষড়যন্ত্র করছে আরেকটা ওয়ান-ইলেভেন সৃষ্টি করতে। তবে সেই দিন আর আসবে না।’

গতকাল শুক্রবার বঙ্গবন্ধু অ্যাভিনিউর ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কারাবন্দি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। তার সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি সভায়  যুক্ত হন ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘যারা ওয়ান-ইলেভেনের রঙিন খোয়াব দেখছেন, তাদের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে। ওয়ান-ইলেভেন ছিল রাজনীতিবিদদের জন্য পাঠশালাস্বরূপ। সেখান থেকে রাজনৈতিক কর্মীদের শেখার অনেক কিছু আছে। এ দেশের রাজনৈতিক ইতিহাসে ওয়ান-ইলেভেন একটি দুষ্ট ক্ষত। এ ক্ষত তৈরি হয়েছে বিএনপির হটকারী এবং ক্ষমতালোভী রাজনীতির কারণে। ইয়াজউদ্দীনকে এক দিকে রাষ্ট্রপতি, অপর দিকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করে বিএনপি একতরফা নির্বাচনের নীলনকশা বাস্তবায়নের মধ্য দিয়ে ওয়ান-ইলেভেনের প্রেক্ষাপট তৈরি করে। এর পরই আসে ওয়ান-ইলেভেন।’

তিনি আরও বলেন, ‘সে সময় দেশের রাজনীতি ও রাজনীতিবিদদের ওপর নেমে আসে অমানিশার ঘোর অন্ধকার। দেশ পরিচালনার দায়িত্ব যায় অরাজনৈতিক ব্যক্তিদের হাতে। যারা জনবিচ্ছিন্ন হয়ে ক্ষমতায় যাওয়ার ষড়যন্ত্র করছে, তাদের সে খোয়াব দেশের জনগণ কখনো সফল হতে দেবে না। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার কারাবন্দি দিবসটি প্রকৃতপক্ষে গণতন্ত্রের কারাবন্দি দিবস। আর তার কারামুক্তি দিবস বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে গণতন্ত্রের কারামুক্তি দিবস হিসেবেই পরিচিত লাভ করেছে।’

রাজনীতি মানে গড্ডলিকাপ্রবাহে গা ভাসানো নয় উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘জনগণের জন্য নির্মোহ রাজনীতি করলেই জনগণই পুরস্কৃত করে। তার উজ্জ্বল উদাহরণ ২০০৮ সালের নির্বাচনে শেখ হাসিনার প্রতি জনগণের আকাশচুম্বী সমর্থন। যারা দুর্নীতিতে নিমজ্জিত ছিল, রাষ্ট্রের সম্পদ লুণ্ঠনে ছিল ব্যস্ত, জনগণ তাদের ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছিল।’

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বেগম মতিয় চৌধুরী, ড. আব্দুর রাজ্জাক ও জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত