বাংলা ট্র্যাকের জন্য সিটি ব্যাংকের সিন্ডিকেশন ঋণ

আপডেট : ১৮ জুলাই ২০২১, ০১:২৫ এএম

বাংলা ট্র্যাক গ্রুপের বিদ্যুৎকেন্দ্র প্রকল্প উন্নয়নের জন্য সিন্ডিকেশন লোন আয়োজন করেছে সিটি ব্যাংক। প্রধান আয়োজক হিসেবে ব্যাংকটি স্থানীয় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে ৩ হাজার ৪২০ মিলিয়ন টাকা জোগান দিয়েছে। পাশাপাশি সিটি ব্যাংকের স্ট্যান্ডবাই লেটার অব ক্রেডিট গ্যারান্টির বিপরীতে ২৫ মিলিয়ন মার্কিন ডলার ঋণ দেয় সংযুক্ত আরব আমিরাতের মাশরেক ব্যাংক।

সিন্ডিকেশন লোনে অংশগ্রহণকারী অন্যান্য প্রতিষ্ঠান হলো শাহজালাল ইসলামী ব্যাংক, এনআরবি কমার্শিয়াল ব্যাংক, ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট ও আইডিএলসি ফাইন্যান্স। সম্প্রতি অনলাইন প্ল্যাটফর্মে সিটি ব্যাংক, দুবাইয়ের মাশরেক ব্যাংক ও বাংলা ট্র্যাকের মধ্যে ঋণচুক্তি হয়। এ সময় উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ মারুফ, পাবলিক সেক্টর-পিপিপি-সার্ভিস সেক্টর ক্লাস্টার প্রধান মোহাম্মদ জাহাঙ্গীর আলম, স্ট্রাকচার্ড ফিন্যান্স প্রধান মাহবুব জামিল, বাংলা ট্র্যাক পাওয়ার ইউনিট-১-এর কারিগরি পরিচালক জয়নাল আবেদীন, প্রধান নির্বাহী জাহাঙ্গীর আলম, প্রধান অর্থ কর্মকর্তা ফাহাদ মাহমুদ ইসলাম। দুবাই থেকে সংযুক্ত ছিলেন মাশরেক ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইকবাল এইচ খানিয়ারি এবং ভাইস প্রেসিডেন্ট আলি আসগর হামিদ।

উল্লিখিত প্রকল্পে দীর্ঘমেয়াদি ২৫ মিলিয়ন মার্কিন ডলার ঋণ দেয় মাশরেক ব্যাংক। প্রকল্প ঋণের নিরাপত্তা নিশ্চিতে বৈদেশিক মুদ্রায় ঋণের সমপরিমাণ অর্থের স্ট্যান্ডবাই লেটার অব ক্রেডিট গ্যারান্টি দেয় সিটি ব্যাংক।

বাংলা ট্র্যাক পাওয়ার ইউনিট-১-এর আওতায় কুমিল্লার দাউদকান্দিতে ২০০ মেগাওয়াট সক্ষমতার হাইস্পিড ডিজেল বিদ্যুৎকেন্দ্রটি ২০১৮ সালের এপ্রিলে বাণিজ্যিক কার্যক্রম শুরু করে জাতীয় গ্রিডে নিরবচ্ছিন্নভাবে বিদ্যুৎ সরবরাহ করে যাচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত