মোমেন-ল্যাভরভ বৈঠক

পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প সময়মতো শেষ করার প্রতিশ্রুতি

আপডেট : ১৮ জুলাই ২০২১, ০২:১৯ এএম

বাংলাদেশে দুটি পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প ২০২৩ ও ’২৪ সাল নাগাদ শেষ করার প্রতিশ্রুতি দিয়েছে রাশিয়া। নির্দিষ্ট সময়ের মধ্যেই বিদ্যুৎকেন্দ্র দুটি বাংলাদেশের হাতে স্থানান্তর করা হবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।

গত শুক্রবার উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনের সঙ্গে বৈঠককালে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী একথা বলেন।

দুই পররাষ্ট্রমন্ত্রী ‘সেন্ট্রাল অ্যান্ড সাউথ এশিয়া : রিজিওনাল কানেক্টিভিটি, চ্যালেঞ্জেস অ্যান্ড অপরচুনিটি’ বিষয়ক এক আন্তর্জাতিক কনফারেন্সে অংশগ্রহণের জন্য তাসখন্দে গেছেন। গতকাল শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে মোমেন-ল্যাভরভের এ বৈঠকের বিষয়ে জানানো হয়। বৈঠকে কভিড পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশের জনগণের পাশে থাকার জন্য রুশ পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান মোমেন।

রোহিঙ্গা সংকট সমাধানে পদক্ষেপ নেওয়ার জন্য মোমেনের অনুরোধ প্রসঙ্গে ল্যাভরভ বলেন, বাংলাদেশের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখার জন্য তারা মিয়ানমারকে উৎসাহিত করবে।

এদিকে এ বৈঠকে মিয়ানমারে সাম্প্রতিক সময়ে রাশিয়ার রপ্তানি করা সামরিক সরঞ্জামে বাংলাদেশের স্বার্থ সংরক্ষণের বিষয়েও আলোকপাত করা হয়েছে। বাংলাদেশ স্বাধীন দেশ হিসেবে মিয়ানমার ও রাশিয়ার এ সিদ্ধান্তে সমর্থন জানালেও এ অঞ্চলে যাতে সামরিক ভারসাম্য বজায় থাকে সে ব্যাপারেই আলোকপাত করতে বেশি আগ্রহী।

এ ছাড়া মোমেন তাসখন্দে চলমান সম্মেলনের একপর্যায়ে উজবেক প্রেসিডেন্ট শাভকাত মিরজিইয়োয়েভের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তারা দু’দেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি, আঞ্চলিক এজেন্ডা এবং ঢাকায় উজবেকিস্তানের দূতাবাস খোলার ব্যাপারে আলোচনা করেন। এছাড়া তিনি বাংলাদেশ সফরের জন্য রাষ্ট্রপতির আমন্ত্রণপত্র উজবেকিস্তানের প্রেসিডেন্টের কাছে হস্তান্তর করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত