রেকর্ড গড়ল মেসির কোপা জয়ের ছবি

আপডেট : ১৮ জুলাই ২০২১, ০৩:০৮ এএম

লিওনেল মেসি ও রেকর্ড তো একে অন্যের পরিপূরক। আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকা জয়ের পর এখন ছুটি কাটাচ্ছেন ধরনীর অন্যতম সেরা এই ফুটবলার। তাই বলে রেকর্ড গড়ায় কিন্তু থেমে নেই তিনি।

মেসির এবারের কীর্তিটি অবশ্য ফুটবল মাঠে নয়। এমন একটা ক্ষেত্রে, যেখানে আবার রেকর্ড-টেকর্ড গড়তে খুব একটা অভ্যস্ত নন তিনি।

মেসির এবারকার রেকর্ডটা সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে। যেখানে কোপা আমেরিকা জয়ের পর তার পোস্ট করা একটি ছবি ভেঙে দিয়েছে অতীতের সব রেকর্ড।

কোপা জয়ের পর একাধিক ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন মেসি। যার একটিতে আদুল গায়ে ট্রফি জড়িয়ে ছিলেন। সেই ছবিটিই এখন ইনস্টাগ্রামে সর্বোচ্চ লাইক পাওয়া স্পোর্টস পিক বা খেলার জগতের ছবি।

মজার ব্যাপার, এখানেও মেসি পেছনে ফেলেছেন ক্রিস্তিয়ানোর রোনালদোকে। গত ২৫ নভেম্বর ডিগেয়ো ম্যারাডোনার মৃত্যুতে সিআর সেভেন যে ছবি পোস্ট করেছিলেন, এতদিন সেটি ছিল সর্বোচ্চ লাইক পাওয়া স্পোর্টস পিক।

মেসির পোস্ট করা ছবিতে এরই মধ্যে ১ কোটি ৯৮ লাখের বেশি লাইক পড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সব মিলে এটি ষষ্ঠ সর্বোচ্চ লাইক পাওয়া ছবি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত