বিডার ‘উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন’ প্রকল্প

তৈরি হয়েছে ৪৩৩৭ নতুন উদ্যোক্তা

আপডেট : ১৯ জুলাই ২০২১, ০১:৪২ এএম

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) ‘উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন’ প্রকল্পের আওতায় ৪ হাজার ৩৩৭ জন নতুন উদ্যোক্তা তাদের ব্যবসায়িক যাত্রা শুরু করেছেন। বিনিয়োগ করেছেন ১ হাজার ৯৪ কোটি টাকা।

গতকাল রবিবার রাজধানীর আগারগাঁওয়ে বিডার মাল্টিপারপাস হলে আয়োজিত ‘উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন’ প্রকল্পের সমন্বয় সভা ও সমাপনী অনুষ্ঠানে সংস্থার প্রকল্প পরিচালক আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ খান এ তথ্য জানান।

তিনি বলেন, দেশব্যাপী উদ্যোক্তা তৈরির লক্ষ্যে ২০১৯ সালে ৫০ কোটি টাকা ব্যয়ে দেশের ৬৪ জেলায় দুই বছর মেয়াদি এ প্রকল্প বাস্তবায়ন শুরু হয়। প্রকল্পের অধীনে সারা দেশে ২৪ হাজার ৯০০ ব্যক্তিকে প্রশিক্ষণ দেওয়া হয়। এদের মধ্যে ৪ হাজার ৩৩৭ নতুন উদ্যোক্তা তাদের ব্যবসায়িক যাত্রা শুরু করেছেন।

বিডার নির্বাহী সদস্য মহাসিনা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিডার নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম। এতে সংস্থার নির্বাহী সদস্য পারভিন আকতার, সঞ্জয় কুমার চৌধুরী ও সাইফুল্লাহ মকবুল মোর্শেদ বক্তব্য রাখেন।

সিরাজুল ইসলাম বলেন, উন্নত বাংলাদেশ গড়তে চাকরি করা নয়, চাকরি দেওয়ার মানসিকতা নিয়ে এগোতে হবে। প্রশিক্ষণপ্রাপ্তদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হতে হবে। এছাড়া কভিড-১৯ অতিমারী পরিস্থিতিতেও প্রকল্প বাস্তবায়ন শেষ হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন। অনুষ্ঠানে প্রশিক্ষণ সমন্বয়কদের অভিজ্ঞতা সনদ, মেডেল ও ক্রেস্ট দেওয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত