করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন তরুণ সংগীতশিল্পী বর্ণ চক্রবর্তী। ১৭ জুলাই রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মাত্র ৩৫ বছর বয়সে এই সংগীত পরিচালক শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বর্ণ ৭ দিন ধরে লাইফ সাপোর্টে ছিলেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সংগীতশিল্পী জয় শাহরিয়ার। জয় শাহরিয়ার বলেন, ‘সাত দিনেরও বেশি সময় ধরে বর্ণ চক্রবর্তীকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। আজ রাত ১০টা ৪১ মিনিটে তিনি মারা যান। জানা যায়, লাইফ সাপোর্টে থাকলেও তার অক্সিজেন স্যাচুরেশন কমছিল। পরে ইনজেকশন দিয়েও তা স্বাভাবিক করা যায়নি। অবশেষে মৃত্যুবরণ করেন তিনি।
২০১২ সাল থেকে নির্মাণ করেছেন অসংখ্য মিউজিক ভিডিও, নাটক, বিজ্ঞাপন ও প্রামাণ্যচিত্র। চলতি বছরের ৯ এপ্রিল মুক্তি পায় এই সংগীত পরিচালকের প্রথম একক অ্যালবাম ‘বোকা পাখি’।
