সাবেক ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যা

আপডেট : ১৯ জুলাই ২০২১, ০৬:০২ এএম

খাগড়াছড়ির পানছড়িতে ইউনাইটেড পিপলস ডেমোক্র্যাটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সাবেক এক সদস্যকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রবিবার সকালে পানছড়ি-মাটিরাঙা সড়কের মরাটিলা এলাকায় খল কুমার ত্রিপুরা ওরফে সাগর (২৯) নামের ওই ব্যক্তি নিহত হন।

পানছড়ি থানা পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, খল কুমার পানছড়ি উপজেলার পদ্মিনিপাড়ার অলিন মোহন ত্রিপুরার ছেলে। গতকাল সকালে মরাটিলা এলাকায় দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন তিনি। সে সময় একদল অস্ত্রধারী ব্রাশফায়ার করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। খবর পেয়ে পানছড়ি থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।

পানছড়ি থানার ওসি মো. দুলাল হোসেন জানান, সকাল সাড়ে ৯টার দিকে দুর্গম মরাটিলা এলাকায় দুর্বৃত্তরা খল কুমারকে গুলি করে হত্যা করে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় নিহতের ভাই একটি মামলা করেছে। অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

এ ঘটনায় ইউপিডিএফের প্রেস সেকশনের প্রধান নিরন চাকমা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে খাগড়াছড়ি জেলা ইউনিটের সংগঠক অনি চাকমা এ ঘটনায় তীব্র নিন্দা জানান। তিনি প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন, খল কুমার ত্রিপুরা আগে তাদের দলে থাকালেও এক বছর আগে থেকে তিনি স্বাভাবিক জীবনে ফিরে যান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত