ঈদে সংগীত পিয়াসীদের মন ভরাতে আসছেন ডন

আপডেট : ১৯ জুলাই ২০২১, ০৮:২৯ পিএম

ঈদুল ফিতরের মতো আসছে ঈদুল আযহাতেও একক সংগীতানুষ্ঠান নিয়ে হাজির হচ্ছেন সময়ের আলোচিত শিল্পী এফ এম ইকবাল বিন আনোয়ার (ডন)।

ঈদের চতুর্থদিন রাত ১১টায় বেসরকারি টেলিভিশন এটিএন বাংলার পর্দায় দেখা যাবে তার একক সংগীতানুষ্ঠান- ‘আমি কেমন কইরা ভুইল্যা যাব’।

গেল ঈদে ‘আইসা পড়ছে গাড়ি আমার’ শিরোনামে ১০টি গানের সম্ভার নিয়ে শ্রোতাদের সামনে হাজির হলেও এবার থাকছে শিল্পীর পাঁচটি গান। করোনার কারণে গানের সংখ্যা কমেছে। শুটিং হয়নি আউটডোরেও। বিএফডিসির এটিএন বাংলার নিজস্ব ফ্লোরে গানগুলোর শুটিং করা হয়েছে।

আধুনিক-ফোক ঘরানার গানগুলোর ৩টিই শিল্পীর নিজের লেখা ও সুরারোপিত। বাকি দুটির সুরকার বেলাল খান। যার একটি লিখেছেন সালাউদ্দিন সাগর, অপরটি শাহ কানিজ খাদিজা।

শিল্পীর গাওয়া পাঁচটি গানের অন্যতম একটি- ‘জন্মিলে মরিতে হয়’। যা শিল্পীর নিজের লেখা এবং সুরোপিত। ধর্মীয় এবং আধ্যাত্মিকতার মিশেলে তৈরি করা হয়েছে এই গানটি।

বর্তমান প্রেক্ষাপটের কথা চিন্তা করেই গানগুলো লেখা এবং সুর করা হয়েছে। শিল্পী ডন তার সামর্থ্যরে সবটুকু দিয়ে গানগুলোকে দর্শকদের সামনে তুলে ধরতে চেষ্টা করেছেন। যা তিনি আগেও করেছেন।

ঈদে নিজের অনুষ্ঠান প্রসঙ্গে ইকবাল বিন আনোয়ার ডন বলেন, ‘গানের ব্যাপারে আমি বরাবরই খুঁতখুঁতে। সুর এবং লেখা মনঃপূত না হওয়া পর্যন্ত চেষ্টা করি সেরাটা তুলে আনতে। কতটা ভালো গেয়েছি সেটার বিবেচ্য-বিবেচনার ভার আমার ভক্ত-শ্রোতাদের হাতে। তবে আমি আমার সেরাটা দেয়ার চেষ্টা করেছি। আশা করছি পূর্বের মতো এবারো সংগীতানুরাগীদের মন ভরাতে পারব।’

যোগ করেন, ‘এই গানগুলো শ্রোতাদের মনের মণিকোঠায় জায়গা করে নিবে এবং মানুষের মুখে মুখে ফিরবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত