১৪ ম্যাচে ১২৩ গোলে আসর শেষ করল বসুন্ধরা

আপডেট : ১৯ জুলাই ২০২১, ০৯:০৯ পিএম

আগের ম্যাচে ১৮-০ গোলের জয়ে নারী ফুটবল লিগের শিরোপা নিশ্চিত করেছিল বসুন্ধরা কিংস। নিজেদের শেষ ম্যাচটাতেও গোল উৎসব করে জিতল দলটি। নাসরিন স্পোর্টস একাডেমিকে তারা হারাল ১৬-০ গোলে। সব মিলে ১৪ ম্যাচে ১২৩ গোলে আসর শেষ করল দলটি।

সোমবার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে বেলা ১২টায় শুরু হয় বসুন্ধরা ও নাসরিনের মধ্যকার ম্যাচটি। এ ম্যাচ দিয়েই পর্দা নামে আসরের।

বসুন্ধরার পক্ষে এদিন অধিনায়ক সাবিনা করেছেন ডাবল হ্যাটট্রিক। সর্বাধিক ৬ গোল করেন তিনি। কৃষ্ণা রানী সরকার করেছেন ৪ গোল। সিরাত জাহান স্বপ্নাও পেয়েছেন হ্যাটট্রিক (৩ গোল)। এ ছাড়া শামসুন্নাহার জুনিয়র, মাতসুশিমা সুমাইয়া ও মারিয়া মান্দা একটি করে গোল করেন।

এর আগে দিনের অন্য ম্যাচে সদ্যপুষ্করিনী যুব সংঘকে ৫-০ গোলে হারায় জামালপুর কাচারিপাড়া একাদশ। আর এফসি ব্রাহ্মণবাড়িয়াকে ৮-২ গোলে হারায় আতাউর রহমান ভূঁইয়া কলেজ স্পোর্টিং। যারা আসরে রানার্সআপ হয়েছে।

১৪ ম্যাচের সবগুলো জিতে ৪২ পয়েন্ট নিয়ে আসর শেষ করল চ্যাম্পিয়ন বসুন্ধরা। প্রতিপক্ষের জালে মোট ১২৩ গোল করলেও যারা হজম করে মাত্র ১ গোল।

আতাউর রহমান ভূঁইয়া কলেজ স্পোর্টিং ১৪ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে রানার্সআপ। আসরে দুটি ম্যাচ হারে তারা। দুটিই বসুন্ধরার বিপক্ষে।

গত মৌসুমে প্রথমবার নারী ফুটবল লিগে নাম লিখিয়েই চ্যাম্পিয়ন হয় বসুন্ধরা কিংস। সেবার ১২ ম্যাচের সবগুলোতেই জিতে দলটি। গোল করেছিল মোট ১১৯টি।

এবারের লিগে মোট ২৮ গোল করে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন বসুন্ধরার কৃষ্ণা। সতীর্থ সাবিনাকে (২৭ গোল) পেছনে ফেলেছেন তিনি। সেরা খেলোয়াড় হয়েছেন আতাউর রহমান ভূঁইয়া কলেজের সোহাগী কিসকু।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত