টানা ৫দিন বন্ধ ব্যাংক পুঁজিবাজার

আপডেট : ২০ জুলাই ২০২১, ০১:৩১ এএম

ঈদে সরকারি ছুটি অনুযায়ী আজ মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ৩দিন ব্যাংক সামগ্রিকভাবে বন্ধ থাকবে। ঈদের ছুটির পরপরই শুক্রবার ও শনিবার ২দিন সাপ্তাহিক ছুটি থাকায় টানা ৫দিন বন্ধ থাকছে ব্যাংকিং কার্যক্রম। আর ব্যাংকিং লেনদেন বন্ধ থাকায় দেশের পুঁজিবাজারও এই ৫দিন লেনদেন বন্ধ থাকবে।

তবে কর্মীদের বেতন-বোনাস প্রদান ও রপ্তানি বাণিজ্য চলমান রাখতে পোশাক শিল্প এলাকাগুলোর ব্যাংক শাখাতে আজ মঙ্গলবার ঈদের ছুটির মধ্যেও ব্যাংক সীমিত আকারে লেনদেন হবে। এছাড়া ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের পশুর হাট সংলগ্ন ব্যাংকের শাখায় বিশেষ ব্যবস্থায় আজ রাত ৮টা পর্যন্ত ব্যাংকে স্বাভাবিক লেনদেন করা যাবে।

টানা ৫দিন ব্যাংক বন্ধ থাকায় এই ছুটির মধ্যে নগদ টাকার প্রয়োজন মেটাতে গ্রাহকদের ব্যাংকের এটিএম বুথের ওপর নির্ভর করতে হবে। এ কারণে এটিএম বুথগুলোতে পর্যাপ্ত নগদ টাকা মজুদ রাখতে ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। একই সঙ্গে ইন্টারনেট ব্যাংকিং সেবা সার্বক্ষণিক চালু রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া মোবাইল ব্যাংকিং সেবার এজেন্ট পয়েন্টগুলোতেও প্রয়োজন অনুযায়ী লেনদেন করা যাবে। ঈদের পর আগামী সপ্তাহের রবিবার থেকে ব্যাংকে আবার সবধরনের লেনদেন চালু হবে। তবে করোনা মহামারীর সংক্রমণ রোধ করতে ওই দিন থেকে ৫ আগস্ট পর্যন্ত ব্যাংকে লেনদেন হবে সকাল ১০টা থেকে দুপুর ১.৩০টা পর্যন্ত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত