বিশ্বে করোনাভাইরাস সংক্রমণ ও মৃত্যু বেড়েই চলেছে। এরই ধারাবাহিকতায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত ১৯ কোটি ছাড়িয়েছে। একই সঙ্গে মৃত্যুও ছাড়িয়েছে ৪১ লাখ। আর এ মহামারী থেকে সুস্থ হয়ে উঠেছে প্রায় ১৭ কোটি ৩৮ লাখের বেশি মানুষ।
আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, সারা বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হিসাবে শনাক্ত হয়েছে ১৯ কোটি ১৩ লাখ ৯৭ হাজার ৪৮ জন। আর এতে মৃত্যু হয়েছে ৪১ লাখ ৮ হাজার ৭২৮ জনের। এখন পর্যন্ত এ ভাইরাস থেকে ১৭ কোটি ৪৩ লাখ সুস্থ হয়ে উঠেছে। আর বিশ্বজুড়ে হাসপাতাল বা বাড়িতে চিকিৎসাধীন ১ কোটি ২৯ লাখ ৭৯ হাজার ৩৪ জন। এই সংখ্যা জানুয়ারি মাসের শেষদিকে সর্বোচ্চ ছিল। সে সময় বিশ্বে চিকিৎসাধীন করোনা রোগীর সংখ্যা ছিল ১ কোটি ৯০ লাখেরও বেশি। পরে কয়েক দফা ওঠা-নামার মধ্যে গত জুন মাসের শেষ দিকে ১ কোটির কাছাকাছি নেমে আসে। তবে চলতি জুলাই মাসের মাঝামাঝি থেকে ফের বেড়ে তা ১ কোটি ২৯ লাখ হয়েছে। চিকিৎসাধীন করোনার রোগীর সংখ্যা বাড়ার এই প্রবণতা অব্যাহত আছে।
করোনা সংক্রমণ ও মৃত্যুতে এখনো বিশ্বে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৩ কোটি ৪৯ লাখ ৬৩ হাজার ৯০৭ জন। এতে মৃত্যু হয়েছে ৬ লাখ ২৪ হাজার ৭৪৬ জনের।
অন্যদিকে করোনা শনাক্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৩ কোটি ১১ লাখ ৪৩ হাজার ৫৯৫ জন। এতে মৃত্যু হয়েছে ৪ লাখ ১৪ হাজার ১৪১ জনের। আর এ মহামারী থেকে সুস্থ হয়ে উঠেছে ৩ কোটি ৩ লাখ ৭৬২ জন।
তৃতীয় অবস্থানে রয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। যদিও মৃত্যুর দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে তারা। সেখানে এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৪২ হাজার ২৬২ জনে। এ ছাড়া এখন পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছে ১ কোটি ৯৩ লাখ ৭৬ হাজার ৫৭৪ জন। এ ছাড়া দেশটিতে এখন পর্যন্ত সুস্থ হয়েছে ১ কোটি ২৩ হাজার ৫১২ জন।
সংক্রমণ ও মৃত্যুর তালিকায় এর পরের স্থানগুলোতে রয়েছে রাশিয়া, ফ্রান্স, তুরস্ক, যুক্তরাজ্য, আর্জেন্টিনা, কলম্বিয়া ও ইতালি।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশটিতে করোনায় প্রথম রোগীর মৃত্যু হয় ২০২০ সালের ৯ জানুয়ারি। ওই বছরের ১৩ জানুয়ারি চীনের বাইরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় থাইল্যান্ডে।
