সরকারের সাফল্য বিএনপির গায়ে জ্বালা বাড়ায় : কাদের

আপডেট : ২০ জুলাই ২০২১, ০২:১০ এএম

দেশে সরকারের সাফল্য বিএনপির গায়ে জ্বালা বাড়ায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘জনস্বার্থে সরকারের যে কোনো কাজ কিংবা সাফল্য বিএনপির গায়ে জ্বালা বাড়ায়। তাদের দৃষ্টিসীমায় ভর করে উদ্দেশ্যমূলক অন্ধত্ব।’ গতকাল সোমবার সকালে সচিবালয়ে তার নিজ দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

বিএনপি নেতাদের ‘লকডাউন’কে মর্মান্তিক তামাশা বলা প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘আসলে বিএনপিই জনগণের সঙ্গে মর্মান্তিক তামাশা করেছে, তারা কখন কী বলে নিজেরাও জানে না। বিবেক-বুদ্ধি অনুযায়ী না চললে এবং না কথা বললে এমনই হয়। বিএনপি নেতারা একবার বলেন, লকডাউন দরকার, আবার বলেন, কঠোর লকডাউন দিন, পরক্ষণেই বলেন, লকডাউনে সমাধান নয়, ক্ষতিপূরণ দিন। তারা এক সময় ভ্যাকসিনের বিরুদ্ধেও অপপ্রচার করেছিল, আবার বলে কারফিউ দিলে জনগণ মানবে না অথচ সরকার কারফিউয়ের কথা ভাবেওনি।’

বিএনপির হঠকারিতা এবং নেতিবাচক রাজনীতির কারণে তাদের অনেক নেতাকর্মী নিষ্ক্রিয় হয়ে পড়ছে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, ‘ক্ষমতায় থাকতে যেমন অনিয়ম ও দুর্নীতিতে তারা নিমজ্জিত ছিল তেমনি সরকারবিরোধী রাজনীতিতে থেকেও তারা সুবিধাবাদিতায় নিমজ্জিত। বিএনপির একগুঁয়েমি ও মুখোশ পরা অপকৌশলের জন্য ইতিমধ্যে জোট সঙ্গীরাও দল ছাড়তে শুরু করেছে। মানুষের ধর্মবিশ্বাসকে পুঁজি করে তাদের রাজনীতির যে খেলা, তা জোট সঙ্গীরাই এখন ফাঁস করে দিচ্ছেন। বিরোধী দল হিসেবে চরমভাবে ব্যর্থ বিএনপি নিজেদের ব্যর্থতা ঢাকতে নানারকম বাক্যবাণে কর্মীদের চাঙ্গা রাখার অপপ্রয়াস চালাচ্ছে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, পবিত্র ঈদ উপলক্ষে বিশেষ সহায়তা এবং খাদ্য সহায়তা, কৃষকদের মধ্যে অনুদান বিতরণ, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর পরিধি এবং সুবিধাভোগীদের সংখ্যা বৃদ্ধিসহ অসংখ্য কাজের কোনোটিই বিএনপির চোখে পড়ে না। তাদের দৃষ্টিতে সরকার কিছুই করছে না। উটপাখির মতো বালিতে মাথা গুঁজে দিয়ে তারা সত্য আড়াল করে আর মিথ্যাচার করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত