ডর্টমুন্ড ছেড়ে ম্যানইউতে সানচো

আপডেট : ২৩ জুলাই ২০২১, ০৬:৩১ পিএম

জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড ছেড়ে জাদোন সানচো ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিতে পারেন, ইউরোপের ফুটবলে এমন গুঞ্জন চলছিল বেশ কয়েকদিন ধরে। অবশেষে তা সত্যি হলো। ৭৩ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে ইংলিশ উইঙ্গারের সঙ্গে চুক্তি করেছে রেড ডেভিলরা।

ইউনাইটেডের নতুন সতীর্থ হ্যারি ম্যাগুইরের পরে দ্বিতীয় ব্যয়বহুল ইংলিশ খেলোয়াড় হলেন সানচো।

১ জুলাই ২১ বছর বয়সী তারকার সঙ্গে এই ফি’তে চুক্তি করতে রাজি হয় ম্যানইউ।

ইউনাইটেডের হয়ে নিজ দেশে ফেরা নিয়ে সানচো বলেন, ‘মূল দলে খেলার সুযোগ করে দেওয়ার জন্য আমি সব সময় ডর্টমুন্ডের প্রতি কৃতজ্ঞ। যদিও আমি জানতাম, একদিন ইংল্যান্ডে ফিরব।’

‘ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়ার সুযোগের স্বপ্ন সত্যি হলো এবং প্রিমিয়ার লিগে পারফর্ম করার জন্য আমার তর সইছে না’, যোগ করেন তিনি।

ডর্টমুন্ডের হয়ে ১৩৭ ম্যাচে ৫০ গোলের পাশাপাশি ৫৭ গোলে অ্যাসিস্ট করেছেন সানচো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত