ত্বকের ক্লান্তি দূর করতে...

আপডেট : ২৩ জুলাই ২০২১, ১১:০৯ পিএম

ঈদে ঘরের কাজের চাপ বেশি। সঙ্গে সংক্রমণ এড়াতে ঘরে থাকার স্ট্রেস। কম ঘুম, বেশি তেল-মসলার খাবার, প্রয়োজনীয় পরিমাণ পানি না খাওয়ার প্রবণতাও থাকে অনেকের। এর ফলে শরীরের ক্ষতি হয়, প্রভাব পড়ে ত্বকেও। নির্জীব, ক্লান্ত দেখায় ত্বক। কিছু ঘরোয়া ফেস মাস্ক ব্যবহার করলে এই ক্লান্তি অনেকটাই কেটে যায়। ত্বকের ঔজ্জ্বল্য পুরোপুরি ফিরে পেতে সঙ্গে পরিমিত খাওয়া পর্যাপ্ত ঘুম আর প্রয়োজনীয় পানি পান জরুরি।

নানা ধরনের ফেস মাস্ক

 দুই টেবিল চামচ টক দই, এক চা চামচ মধু, এক চা চামচ লেবুর রস, একটা ডিমের সাদা অংশ আর এক চা চামচ কর্নফ্লাওয়ার একসঙ্গে ভালো করে মিশিয়ে মুখে লাগিয়ে নিন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। ত্বকের আর্দ্রতা বাড়বে এবং ত্বক উজ্জ্বল হবে।

 একটা পাকা কলা চটকে নিন। তার সঙ্গে মেশান ২ টেবিল চামচ মধু, ২ টেবিল চামচ গ্লিসারিন আর ১টি ডিমের সাদা অংশ। প্রথমে সামান্য মাস্ক মুখে লাগিয়ে হালকা হাতে মাসাজ করুন। তারপর বাকি মাস্ক লাগিয়ে নিন মুখে ও গলায়। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। ক্লান্ত ত্বককে সতেজ করতে এই মাস্ক দারুণ কাজে দেয়। সপ্তাহে তিন দিন ব্যবহার করলে খুব ভালো ফল পাবেন।

 একটা শসা কুরে নিন। আধকাপ টক দই এবং আধকাপ ওটমিলের সঙ্গে মিশিয়ে মুখে ও গলায় লাগিয়ে নিন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। তৈলাক্ত ত্বকের জন্য এই মাস্ক বিশেষভাবে উপকারী।

 একমুঠো আমন্ড সারারাত ভিজিয়ে রাখুন। পরের দিন সকালে বেটে নিন। এর সঙ্গে আধকাপ বেসন আর কয়েক চামচ দুধ মিশিয়ে ঘন পেস্ট বানিয়ে মুখে লাগিয়ে নিন। রোদে পুড়ে ত্বকে যে কালচে ভাব আসে, তা কাটিয়ে ত্বকের সতেজতা ফিরে আসবে।

 মুলতানি মাটি, থেঁতো করা শসা, পুদিনাপাতা আর গোলাপজল মিশিয়ে মাস্ক বানিয়ে নিন। মুখে লাগিয়ে চোখ বন্ধ করে বিশ্রাম নিন। আধশুকনো হলে ঈষদুষ্ণ পানিতে তোয়ালে ভিজিয়ে মুছে নিন। ত্বকের নিস্তেজ ভাব কাটাতে সাহায্য করে এই মাস্ক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত