ঈদুল আজহার ছুটিতে দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ১২ জন নিহত ও অন্তত ২১ জন আহত হয়েছেন। গত মঙ্গলবার থেকে গতকাল শুক্রবার সন্ধ্যা পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে।
এর মধ্যে বাগেরহাটে পিকআপচাপায় ব্যাটারিচালিত অটোরিকশার ৬ যাত্রী, মুন্সীগঞ্জে প্রাইভেট কার খাদে পড়ে চালকসহ ৩ জন ও সাতক্ষীরায় বাসের ধাক্কায় অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক নিহত হয়েছেন। এ ছাড়া কুষ্টিয়ায় পৃথক ঘটনায় দুজন নিহত হয়েছেন। বিস্তারিত আমাদের প্রতিনিধিদের পাঠানো খবরে :
বাগেরহাটে নিহত ৬ : বাগেরহাটের ফকিরহাটে পিকআপ ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে ৬ জন নিহত ও একজন আহত হয়েছেন। গতকাল শুক্রবার সকাল সোয়া ৭টার দিকে খুলনা-মাওয়া মহাসড়কে উপজেলার বৈলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেনÑ ফকিরহাটের নলধা গ্রামের উৎপল রাহা (৪১), নয়ন দত্ত (২৫), রামপাল উপজেলার চাকশ্রী গ্রামের আব্দুল হাই (৫০) ও সদর উপজেলার দক্ষিণ খানপুর গ্রামের নজরুল ইসলাম শেখ (৫০)। এদের মধ্যে উৎপল রাহা ও নয়ন দত্ত পান ব্যবসায়ী। বাকিরা দিনমজুর বলে জানা গেছে।
ফকিরহাট থানার ওসি আ ন ম খায়রুল আনাম জানান, সকালে উপজেলার বৈলতলীর নওয়াপাড়া বাজার থেকে ফকিরহাটের উদ্দেশে ছেড়ে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালকসহ ৬ জনের মৃত্যু হয়। আহত অপর যাত্রীকে উদ্ধার করে প্রথমে ফকিরহাট হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় পিকআপচালক ওসমান গনিকে আটক করা হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
খবর পেয়ে ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা বেগম ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে তিনি নিহতদের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা ও আর্থিক সহযোগিতার আশ্বাস দেন।
কুষ্টিয়ায় পৃথক দুর্ঘটনায় নিহত ২ : কুষ্টিয়ায় পৃথক দুর্ঘটনায় ঈদের আগের দিন মঙ্গলবার দুজন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন।
এর মধ্যে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের লালন শাহ সেতুর টোল প্লাজার আগে ভিলকির পুল নামক স্থানে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মুন্সি বাবু (৪৫) নামে এক ট্রাকচালক মারা যান। এ ঘটনায় বাসের অন্তত ২০ যাত্রী আহত হন। তাদের স্থানীয় ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সদর হাসপাতালে ভর্তি করা হয়।
ভেড়ামারা থানার ওসি মজিবুর রহমান জানান, দুপুর ১২টার দিকে ঈশ্বরদী থেকে কুষ্টিয়াগামী একটি বাস ভিলকির পুল নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মুন্সি বাবুর মৃত্যু হয়। নিহতের বাড়ি নড়াইল বলে জানা গেছে।
এদিকে কুষ্টিয়া মডেল থানার ওসি পুলিশ পরিদর্শক ছাবিরুল ইসলাম জানান, বেলা ১১টার দিকে কুষ্টিয়া-পোড়াদহ সড়কের খাজানগর এলাকায় ব্যাটারিচালিত ইজিবাইকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে মারুফ (২২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়। তিনি মিরপুর উপজেলার পোড়াদহ উত্তর কাটদহ গ্রামের মুক্তার আলীর ছেলে।
সাতক্ষীরায় বাসচাপায় শিক্ষক নিহত : সাতক্ষীরার পাটকেলঘাটায় বাসের ধাক্কায় সুভাষ কর্মকার (৭৫) নামে অবসরপ্রাপ্ত এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। ঈদের পরদিন বৃহস্পতিবার সকালে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে উপজেলার বলফিল্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সুভাষ কর্মকারের বাড়ি খলিশখালী বাগমারা গ্রামে। তিনি খলিশখালী শৈব বালিকা বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।
পাটকেলঘাটা থানার ওসি কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, রাস্তা পারাপারের সময় ঢাকাগামী রোজিনা পরিবহনের একটি বাস সুভাষ কর্মকারকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে উদ্ধার করে পাটকেলঘাটা পপুলার ক্লিনিকে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাসটি জব্দ করা হলেও চালক পালিয়ে যায়।
মুন্সীগঞ্জে চালকসহ নিহত ৩ : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মুন্সীগঞ্জের গজারিয়ায় প্রাইভেট কার খাদে পড়ে চালকসহ তিনজন নিহত হয়েছেন। ঈদের পরদিন বৃহস্পতিবার ভোরে গজারিয়ার আলীপুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেনÑ চালক নয়ন (৩৫), যাত্রী লিজা (২৫) ও জারা (১৬)।
ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই সাকিব হাসান জানান, কুমিল্লা থেকে প্রাইভেট কারটি ঢাকা যাচ্ছিল। পথে আলীপুরা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে এটি পাশের খাদে পড়ে যায়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তিনজনের লাশ উদ্ধার করে।
