চট্টগ্রাম নগরীতে দাম্পত্য কলহের জের ধরে স্ত্রীকে ছুরি মেরে হত্যা করেছে স্বামী। তার নাম ৃেরহেনা বেগম (৩০)। গত বুধবার ঈদের দিন সন্ধ্যায় হালিশহর থানার নয়াবাজার বিশ্বরোডের সড়কে এ ঘটনা ঘটে। পরে স্বামী জাহাঙ্গীর হোসেনকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। তারা নগরীর বৌবাজার আমতল এলাকায় ভাড়া বাসায় থাকতেন। ডবলমুরিং জোনের সহকারী কমিশনার মাহমুদুল হাসান মামুন জানান, জাহাঙ্গীর দুবাইফেরত। স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ ছিল। জাহাঙ্গীর দুবাই থাকা অবস্থায় রেহেনার পরকীয়া সম্পর্ক আছে বলে সন্দেহ করতেন। এ নিয়ে তাদের মধ্যে বেশ কয়েকবার ঝগড়া হয়েছে।
মাস ছয়েক আগে রেহেনা বাসা ছেড়ে মেয়েকে নিয়ে নিজের ভাড়া করা আরেকটি বাসায় ওঠেন। গত মঙ্গলবার রাতে স্ত্রীকে বুঝিয়ে বাসায় নিয়ে যাচ্ছিলেন জাহাঙ্গীর। কিন্তু পথিমধ্যে দুজনের মধ্যে আবার ঝগড়া হয়। রেহেনা আবার ফিরে যাওয়ার উদ্যোগ নিলেই প্রকাশ্য সড়কেই জাহাঙ্গীর ছুরিকাঘাত করে স্ত্রীকে। এরপর স্থানীয়রা গণপিটুনি দিয়ে তাকে পুলিশের হাতে সোপর্দ করে। রেহেনাকে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
