রাজধানীর উত্তরায় শিনশিন জাপান হাসপাতালে এক করোনা রোগীর ছুরিকাঘাতে দুজন নার্স ও একজন ওয়ার্ড বয় আহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাত দেড়টার দিকে উত্তরা ১১ নম্বর সেক্টরের হাসপাতালটির করোনা ওয়ার্ডে এ ঘটনা ঘটে। আহতরা হলেন নার্স কাকলী (৩৫), মিতু (২৪) ও ওয়ার্ড বয় সাগর (২৫)। এরমধ্যে দুই নার্সের অবস্থা আশঙ্কাজনক । তারা বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তবে ওয়ার্ড বয়ের অবস্থা শঙ্কামুক্ত।
খোঁজ নিয়ে জানা যায়, করোনা উপসর্গ নিয়ে গত ১৭ জুলাই মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার শোলপুর গ্রামের সবুজ ট্রিজ নামে এক করোনা রোগী হাসপাতালটিতে ভর্তি হন। তাকে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল বলে জানিয়েছে স্বজনরা। গত বৃহস্পতিবার রাত দেড়টার দিকে ফল কাটার ছুরি দিয়ে নার্স ও ওয়ার্ড বয়কে সবুজ আঘাত করে।
তবে সবুজ ট্রিজ সাংবাদিকদের বলেন, তর্কবিতর্কের একপর্যায়ে শিনশিন জাপান হাসপাতালের নার্স ও ওয়ার্ড বয় মিলে আমাকে মেরে ফেলতে চেয়েছিলেন। পরে আমি আত্মরক্ষার্থে ছুরিকাঘাত করি।
হাসপাতালের মহাব্যবস্থাপক শরীফুল ইসলাম বলেন, ওই রোগীর মানসিক সমস্যা রয়েছে।
এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ওসি শাহ মো. আক্তারুজ্জামান ইলিয়াস বলেন, করোনা রোগীর ছুরিকাঘাতে তিনজন নার্স-ওয়ার্ড বয় আহতের ঘটনায় হাসপাতাল কর্র্তৃপক্ষ একটি অভিযোগ দিয়েছে। অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে।
