পদ্মা সেতুর পিলারে ফেরি শাহজালালের ধাক্কা

আপডেট : ২৪ জুলাই ২০২১, ০১:৪৬ এএম

পদ্মা সেতুর ১৭ নম্বর পিলারের সঙ্গে ধাক্কা লেগেছে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে চলাচলকারী রো রো ফেরি শাহজালালের। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। এতে ফেরিটির অন্তত ২০ যাত্রী আহত হয়েছেন বলে জানিয়েছেন অন্য যাত্রীরা। তবে সেতুর কোনো ক্ষতি হয়নি। ঘটনার পরপরই সেতু কর্র্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করে। তাৎক্ষণিকভাবে শাহজালালের মাস্টারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে ঘটনা তদন্তে চার সদস্যের কমিটি গঠন করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।

গতকাল সকাল সোয়া ৯টার দিকে রো রো ফেরি শাহজালাল মাদারীপুরের বাংলাবাজার ঘাট থেকে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে যাওয়ার পথে পদ্মা সেতুর মাওয়া প্রান্তের ১৭ নম্বর পিলারে ধাক্কা লাগে। এতে ফেরির বেশ কয়েকজন যাত্রী আহত হন।

নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা জাহাঙ্গীর আলম খান এ ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরও বলেন, ‘ফেরি পরিচালনায় ব্যর্থতার কারণে ফেরির ইনচার্জ ইনল্যান্ড মাস্টার আবদুর রহমানকে সাময়িকভাবে বরখাস্ত করেছে বিআইডব্লিউটিসি। আর ঘটনাটি খতিয়ে দেখতে সংস্থার পরিচালক (বাণিজ্যিক) আশিকুজ্জামানকে আহ্বায়ক করে চার সদস্যের একটি কমিটি করা হয়েছে। আগামী তিন দিনের মধ্যে কমিটি প্রতিবেদন দাখিল করবে।’

ফেরিটির মাস্টার আবদুর রহমানের দাবি, ‘পদ্মা সেতুর ১৬ ও ১৭ নম্বর পিলারের মাঝ দিয়ে যাওয়ার সময় ফেরির ইলেকট্রিক সিস্টেম বিকল হয়ে যায়। এক পর্যায়ে নদীর প্রবল স্রোতে নিয়ন্ত্রণ হারিয়ে ফেরিটি সেতুর ১৭ নম্বর পিলারে ধাক্কা দেয়।’ তিনি আরও বলেন, ‘ইলেকট্রিক সিস্টেম বিকলের বিষয়টি প্রথমে আমরা বুঝতে পারিনি। ১৭ নম্বর পিলার অতিক্রমের সময় ব্রেক কাজ করছিল না। ইঞ্জিন সম্পূর্ণ বন্ধ করে ফুল ব্রেকারের মাধ্যমে পেছনে আনার চেষ্টা করেও আমরা ব্যর্থ হই।’

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক ফয়সাল আহমেদ বলেন, ‘পিলারে ধাক্কা দিলে ফেরিতে থাকা মোটরসাইকেল আরোহীসহ বেশ কয়েকজন আহত হন। তবে ফেরির কোনো ক্ষতি হয়নি। পরে ফেরিটি শিমুলিয়া ঘাটে আনা হয়।’

পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের পরিচালক শফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, নির্মাণাধীন পদ্মা সেতুর পিলারের সঙ্গে যাত্রীবাহী ফেরি ‘শাহজালাল’-এর ধাক্কায় পদ্মা সেতুর কোনো ক্ষতি হয়নি। যেটুকু আঘাত লেগেছে, সেটা নিয়ে চিন্তিত নন পদ্মা সেতু নির্মাণ সংশ্লিষ্টরা।

প্রকল্প পরিচালক বলেন, ‘এতে সামান্যই ক্ষতি হয়েছে। এটা কোনো ব্যাপার নয়। ধাক্কা লাগতে পারে এমন চিন্তা তো আমাদের ছিল, যেহেতু বড় নদীর মধ্যে বড় জাহাজ যাবে। সেই প্রভিশন আছে, ধাক্কা লাগতে পারে।’ তবে আমরা ঘটনাটি তদন্ত করছি। এর পেছনে কিছু আছে কি না তা জানতে থানায় একটি সাধারণ ডায়েরি করা হবে বলেও তিনি জানান।

পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আবদুর কাদের জানান, ‘ফেরির ধাক্কায় সেতুর পিলারের তেমন কিছুই হয়নি। এ ধরনের দুর্ঘটনার কথা বিবেচনায় রেখে সেতুটি নির্মাণ করা হয়েছে। ১০০ টন ওজনের বিশাল আকৃতির জাহাজের ধাক্কাতেও সেতুর কোনো ক্ষতি হবে না। তারপরও পদ্মা সেতুর প্রকৌশল টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানান তিনি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত