জাপানের দেওয়া অ্যাস্ট্রাজেনেকার টিকা আসছে আজ

আপডেট : ২৪ জুলাই ২০২১, ০১:৫১ এএম

জাপান সরকারের উপহার হিসেবে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার আরও ২ লাখ ৪৫ হাজার ডোজ টিকা আজ শনিবার দেশে আসছে। টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের আওতায় জাপানের কাছ থেকে আসছে এই টিকা। গতকাল শুক্রবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র স্বাস্থ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত ১৩ জুলাই এক ফেইসবুক পোস্টে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন জানিয়েছিলেন, ‘কোভ্যাক্সের’ আওতায় জাপান ২৯ লাখ টিকা পাঠাবে। এ ছাড়া চীন ১০ লাখ ডোজ এবং ইউরোপীয় ইউনিয়ন ১০ লাখ ডোজ টিকা বাংলাদেশকে দেবে।

মাইদুল ইসলাম বলেন, আজ শনিবার বেলা ৩টা ২০ মিনিটে জাপান থেকে কোভ্যাক্সরে ২ লাখ ২০ হাজার অ্যাস্ট্রাজেনেকা ভ্যাক্সিন দেশের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে। আগে যাদেরকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে, তাদেরকে এই টিকা দ্বিতীয় ডোজ হিসেবে দেওয়া হবে। দ্রুতই টিকা কার্যক্রম শুরু হবে।

টিকা গ্রহণকালে বিমানবন্দরে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব লোকমান হোসেন মিয়া, বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকিসহ দুই মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

ভারতের সেরাম ইনস্টিটিউটের কাছ থেকে কোভিশিল্ডের তিন কোটি ডোজ টিকা কেনার জন্য গত বছরের শেষ দিকে চুক্তি করেছিল বাংলাদেশ। সেই টিকার প্রথম চালান পাওয়ার পর গত ৭ ফেব্রুয়ারি সারা দেশে গণটিকাদান শুরু হয়। এখন পর্যন্ত ভারত সরকারের উপহারসহ কোভিশিল্ডের ১ কোটি ২ লাখ ডোজ টিকা এসেছে। এর মধ্যে ১ কোটি ১ লাখ ১৮ হাজার ১১৯ জনকে প্রথম ও দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হয়েছে। আরও ৮১ হাজার ৮৮১ ডোজ টিকা মজুদ রয়েছে। এখন পর্যন্ত যারা প্রথম ডোজ পেয়েছেন, তাদের মধ্যে ১৫ লাখ ২১ হাজার ৯৪৭ জন দ্বিতীয় ডোজের টিকা পাননি। জাপান থেকে টিকা পেলে তার সামান্য একটি অংশ পূরণ হবে।

বাংলাদেশে এ পর্যন্ত সব মিলিয়ে ২ কোটি ৯ লাখ ৬২০ ডোজ করোনাভাইরাসের টিকা এসেছে। এর মধ্যে ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার ১ কোটি ২ লাখ ডোজ রয়েছে। ফাইজার-বায়োএনটেকের ১ লাখ ৬২০ ডোজ, মডার্নার ৫৫ লাখ ডোজ এবং চীনের সিনোফার্মের ৫১ লাখ ডোজ টিকা রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত