রাজধানীর গুলশানের ফ্ল্যাট থেকে মোসারাত জাহান মুনিয়ার মরদেহ উদ্ধারের ঘটনায় দায়ের করা আত্মহত্যায় প্ররোচনা মামলা থেকে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরকে অব্যাহতি দিয়ে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছে পুলিশ।
জানতে চাইলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) সুদীপ কুমার চক্রবর্তী দেশ রূপান্তরকে জানান, পুলিশ তদন্ত করে দেখতে পেয়েছে যে এই আত্মহত্যার পেছনে অভিযুক্ত আসামির কোনো সংশ্লিষ্টতা নেই। তাই পুলিশ ওই আসামিকে অব্যাহতির আবেদন জানিয়ে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছে। গত ১৯ জুলাই আদালতে এই চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা গুলশান থানার ওসি আবুল হাসান। চূড়ান্ত প্রতিবেদনের ওপর শুনানি আগামী ২৯ জুলাই অনুষ্ঠিত হবে।
গত ২৬ এপ্রিল সন্ধ্যার দিকে গুলশান ২ নম্বরের একটি বাড়ির ফ্ল্যাট থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত মুনিয়ার মরদেহ উদ্ধার করা হয়। ওইদিন রাতেই গুলশান থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে মামলা করেন তার বড় বোন নুসরাত জাহান তানিয়া। এতে আসামি করা হয় বসুন্ধরা গ্রুপের এমডিকে।
