সড়কে দুই ভাইকে ট্রাকচাপা

আপডেট : ২৪ জুলাই ২০২১, ১০:৫৫ পিএম

নওগাঁর পত্নিতলা উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক ও আরোহী দুই ভাই নিহত হয়েছেন। গত শুক্রবার রাতে নজিপুর-সাপাহার সড়কের ঝলকাহার পেজাপাড়া মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- একই উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের মহিমাপুর গ্রামের নেপাল চন্দ্রের ছেলে অলিত চন্দ্র (৩২) ও সুভাষ চন্দ্র (২৭)।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাত ৮টার দিকে মোটরসাইকেলে করে নজিপুর পৌরসভায় এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন অলিত ও সুভাষ। পথে সাপাহার-নজিপুর সড়কের ঝলকাহার পেজাপাড়া মোড় এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে তারা দুজনই সড়কে ছিটকে পড়েন। এ সময় ট্রাকটির চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই অলিত মারা যান। আর গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে সুভাষের মৃত্যু হয়।

পত্নিতলা থানার ওসি শামছুল আলম শাহ জানান, দুর্ঘটনার পরপরই ট্রাকটি জব্দ করা হয়। আর ময়নাতদন্ত শেষে লাশ দুটি তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

এ ছাড়া একইদিন রাতে বগুড়া সদর উপজেলার সাতমাথা-বনানী সড়কের র‌্যাব ক্যাম্পের সামনে মোটরসাইকেলের ধাক্কায় আমজাদ হোসেন (৪০) নামে এক সেনা সদস্য নিহত হয়েছেন। আমজাদ জাহাঙ্গীরাবাদ ক্যান্টনমেন্টে সার্জেন্ট হিসেবে কর্মরত ছিলেন। পুলিশ জানায়, ঘটনার সময় সাইকেলে করে যাচ্ছিলেন আমজাদ। পথে সাতমাথা-বনানী সড়কে র‌্যাব-১২ এর ক্যাম্পের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত