রাজধানীর কমলাপুরে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) আন্তর্জাতিক বাস ডিপোতে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে ডিপোতে থাকা একটি বাস পুড়ে গেছে। গতকাল শনিবার সন্ধ্যায় অগ্নিকান্ডের ঘটনা ঘটলে ১০ মিনিটেই নিয়ন্ত্রণে নিয়ে আসেন দমকলকর্মীরা।
দমকলকর্মীরা জানান, গতকাল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আগুন লাগে ডিপোতে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে আতঙ্ক দেখা দেয় আশপাশে। খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে ছুটে আসে। ৫টি ইউনিট ১০ মিনিট চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে একটি বিআরটিসি বাস (ঢাকা মেট্রো-ব ১১-৬৭৯২) পুড়ে যায়। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
ঘটনাস্থলে থাকা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক (জোন-৫) হাফিজুর রহমান বলেন, ১০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এখানে ২৫০টি বাস রয়েছে। যে বাসে আগুন লেগেছিল শুধু সে বাসটিই বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
