নারায়ণগঞ্জের আড়াইহাজারে ওবায়দুল ইসলাম বাদল নামে এক যুবলীগ নেতা ও তার সাঙ্গপাঙ্গদের হামলায় একই পরিবারের ৫ জনসহ ৮ জন আহত হয়েছেন। গতকাল শনিবার দুপুরে উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের কালাপাহাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের একজনকে ঢাকায় এবং বাকিদের আড়াইহাজার উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন সকাল থেকে ওই গ্রামের বাতেন ও বাছেদ মিয়ার সাড়ে ৪ শতাংশ জমি মাপা হয়। মাপা শেষে দুপুরের দিকে বাড়ি যাওয়ার পথে একই গ্রামের বাসিন্দা উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক ওবায়দুল ইসলাম বাদল ওরফে বেদনের নেতৃত্বে একদল সন্ত্রাসী বাতেনের লোকজনের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলায় নারী-পুরুষসহ ৮ জন আহত হন।
আহতরা হলেন বাতেন (৫৩), তার ছেলে ইমরান হোসেন (৩০), জীবন (৩৩), হোসাঈন (২৮), হাসান (২৪) এবং স্বজন ফয়সাল (১১), বাবু (৩৫) ও হানিফা (৩০)। এদের মধ্যে বাতেনকে ঢাকায় এবং বাকিদের আড়াইহাজার উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।
বাতেনের ভাতিজা রহিম আলী জানান, ‘পূর্বশক্রতার জেরে ওবায়দুল হক বাদলের লোকেরা আমাদের ওপর অতর্কিত হামলা চালিয়েছে। আমরা এর বিচার চাই।’ অভিযুক্ত বাদলের মুঠাফোনে যোগাযোগ করা হলে বন্ধ পাওয়া যায়।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান মোল্লা জানান, তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
