সাবেক প্রতিমন্ত্রী জাহানারা বেগম মারা গেছেন

আপডেট : ২৫ জুলাই ২০২১, ০১:১৬ এএম

সাবেক প্রতিমন্ত্রী জাহানারা বেগম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল শনিবার সকালে নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান বলে জানিয়েছেন উপদেষ্টার দায়িত্বে থাকার সময়ে জাহানারার সহকারী একান্ত সচিব আবদুল মুকিত। যুব মহিলা দলের প্রতিষ্ঠাতা সভাপতি জাহানারা ১৯৯১ সালে বিএনপি সরকারের সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী ছিলেন। ২০০১ সালের সরকারে তিনি প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক উপদেষ্টা ছিলেন।

৭৯ বছর বয়সী জাহানারা বেগম দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তার স্বামী পিডিবির প্রকৌশলী আহমেদ মোস্তফা ১৯৮৬ সালে মারা যান।

আবদুল মুকিত বলেন, সকাল ৭টার দিকে নিজের বসুন্ধরার বাসায় বাথরুমে পড়ে যান তিনি। দ্রুত তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা জানান, তিনি মারা গেছেন। জাহানারা স্মৃতিভ্রংশ বা ডিমেনশিয়ায় ভুগছিলেন বলে জানান তিনি। তিনি আরও বলেন, জাহানারা বেগমের লাশ এভারকেয়ার হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। যুক্তরাষ্ট্র প্রবাসী তার বড় ছেলে দেশে ফিরলে তাকে শাহজাহানপুরের কবরস্থানে দাফন করা হবে।

ছাত্রজীবনে ছাত্র ইউনিয়নের সংস্কৃতিবিষয়ক সম্পাদক ছিলেন জাহানারা। জাতীয় রাজনীতিতে আসার আগে দীর্ঘদিন ঢাকার হাবিবুল্লাহ বাহার কলেজে অধ্যাপনা করেন তিনি।

সভাপতি হওয়ার আগে অধ্যাপক জাহানারা বেগম বিএনপির সহযোগী সংগঠন যুব মহিলা দলের প্রতিষ্ঠাকালীন আহ্বায়কও ছিলেন।

পঞ্চম জাতীয় সংসদে মহিলা সংরক্ষিত আসনে এবং ষষ্ঠ জাতীয় সংসদে রাজবাড়ী-১ আসন থেকে বিএনপির সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। ১৯৯১ সালে খালেদা জিয়া সরকারের সংস্কৃতি প্রতিমন্ত্রী ছিলেন তিনি। ২০০১ সালে প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক উপদেষ্টা করা হয়েছিল তাকে। ১৯৯৪ সাল থেকে তিনি বিএনপির সহসভাপতি ছিলেন দল ছেড়ে যাওয়া পর্যন্ত। ২০০৬ সালের শেষের দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অলি আহমদের নেতৃত্বে যারা বিএনপি ছাড়েন, তাদের মধ্যে জাহানারা বেগমও ছিলেন। তারা এলডিপি গঠন করেন। তখন দলটির মহাসচিবও ছিলেন জাহানারা। পরে তিনি এলডিপি ছেড়ে নাজমুল হুদার নেতৃত্বে গঠিত বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টে (বিএনএফ) কো-চেয়ারম্যান হিসেবে যোগ দেন। এরপর জাহানারা রাজনীতি থেকে দূরে সরে যান।

জাহানারা বেগমের মৃত্যুতে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী, এলডিপির সভাপতি অলি আহমদ, এলডিপির আরেক অংশের সভাপতি আবদুল করীম আব্বাসী ও মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব গোলাম মোস্তফা ভুঁইয়া শোক প্রকাশ করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত