আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপকমিটির সদস্যপদ হারিয়েছেন আলোচিত ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীর। সম্প্রতি ফেইসবুকে ‘বাংলাদেশ আওয়ামী চাকরিজীবী লীগ’ নামে আওয়ামী লীগের অননুমোদিত একটি সংগঠনের সভাপতি পদে নাম আসায় তার বিরুদ্ধে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দলের মহিলাবিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি।
এ ব্যাপারে জানতে টেলিফোনে যোগাযোগের চেষ্টা করেও হেলেনা জাহাঙ্গীরের সাড়া পাওয়া যায়নি। জয়যাত্রা গ্রুপের কর্ণধার হেলেনা জাহাঙ্গীর দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর পরিচালক। নিজেকে আইপি টিভি ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি হিসেবেও পরিচয় দেন তিনি।
গতকাল শনিবার সন্ধ্যায় চুমকি বলেন, ‘আমি ইতিমধ্যে আমাদের দপ্তরে জানিয়েছি, তাকে চিঠি দেওয়া হয়েছে। আমাদের উপকমিটিতে যেহেতু তিনি নিয়মনীতি ভঙ্গ করেছেন, কী করছেন, আমাদের জানাননি, তার সদস্যপদ আমরা বাতিল করে দিয়েছি।’
তিনি আরও বলেন, ‘উনি তো কুমিল্লা আওয়ামী লীগের সদস্য। আওয়ামী পরিবারের হিসেবেই আমি জানি। উনার জয়যাত্রা টেলিভিশন নামে একটা মিডিয়া আছে, যেটার সঙ্গে আমাদের মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মহোদয় আছেন। এই সুবাদেই উপকমিটিতে তাকে আমরা রেখেছি। কিন্তু উনি কী করছেন আমাদের না জানিয়ে করছেন।’
এদিকে সম্প্রতি ফেইসবুকে ‘নেতা বানানোর’ ঘোষণা দিয়ে একটি পোস্টারের ছবি পোস্ট করছে ‘আওয়ামী চাকরিজীবী লীগ’ নামের সংগঠনটি। সেখানে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি হিসেবে হেলেনা জাহাঙ্গীর আর সাধারণ সম্পাদক হিসেবে মাহবুব মনিরের নাম রয়েছে। ওই পোস্টে সংগঠনটির জেলা, উপজেলা ও বিদেশি শাখায় সভাপতি ও সাধারণ সম্পাদক নিয়োগ দেওয়া হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে। সংগঠনটির দাবি, গত দুই-তিন বছর ধরে আওয়ামী লীগের সহযোগী সংগঠন হিসেবে অনুমোদন পাওয়ার চেষ্টা করছে তারা। তবে আওয়ামী লীগ নেতারা বলছেন, সংগঠনটির সঙ্গে আওয়ামী লীগের কোনো সম্পর্ক নেই।
এ বিষয়ে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমিন বলেছেন, ‘আমরা তাকে অব্যাহতি দিয়েছি। গত মাসে ১৮ তারিখ ডাকযোগে চিঠি পাঠিয়েছি।’
