পাওনা টাকা নিয়ে বিরোধ

নারায়ণগঞ্জে কিশোর গ্যাংয়ের হাতে যুবক খুন

আপডেট : ২৫ জুলাই ২০২১, ০১:১৮ এএম

নারায়ণগঞ্জের ফতুল্লায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের হাতে মাসুদ (২৭) নামে এক যুবক খুন হয়েছেন। কিশোর গ্যাংয়ের সদস্যরা তার ছোট ভাইয়ের বন্ধু বলে জানা গেছে। গতকাল শনিবার দুপুরে ফতুল্লার পাগলা নয়ামাটি মুসলিমপাড়া লাবনি জুস কারখানার সামনের রাস্তায় খুনের ঘটনাটি ঘটে। নিহত মাসুদ পাগলা নয়ামটি পশ্চিমপাড়ার রুহুল মিয়ার ভাড়াটিয়া মোঃ রফিকুল ইসলামের ছেলে।

পুলিশ হত্যাকান্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সোহেল (২০) ও তার পিতা আইয়ুব আলীকে (৫৫) আটক করেছে।

পুলিশ ঘটনার সময় ধারণ হওয়া সিসিটিভি ফুটেজ উদ্ধার করেছে যেখানে ১৫-২০ কিশোর সন্ত্রাসী এই হত্যাকান্ডে অংশ নিয়েছে। তাদের বয়স ১৫ থেকে ২৫ বছরের মধ্যে। এলাকায় এরা কিশোর গ্যাং হিসেবে পরিচিত। এই গ্যাংয়ের নেতৃত্ব দিয়ে আসছিল গ্রেপ্তারকৃত সোহেল।

স্থানীয়রা জানায়, নিহত মাসুদের ছোট ভাই শাওন ও ঘাতক সোহেল দুজন বন্ধু ছিল। গত দেড় মাস পূর্বে নিহত মাসুদের ছোট ভাই শাওন ঘাতক সোহেলের নিকট থেকে তিন হাজার টাকা ধার নেয়। সেই টাকা চাইতে গেলে ঈদের আগের রাতে সোহেলকে চড়থাপ্পড় মেরে তাড়িয়ে দেয় নিহত মাসুদ। এ ঘটনার জের ধরেই শনিবার দুপুরে পূর্বপরিকল্পিতভাবে সোহেল ও তার সহযোগীরা এ হত্যাকান্ড ঘটায়।

ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) সোহাগ চৌধুরী দেশ রূপান্তরকে জানান, ঘটনাস্থল থেকে আসামি সোহেলকে গ্রেপ্তার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে রাখা আছে। বিস্তারিত তদন্ত করে জানা যাবে।

ফতুল্লা মডেল থানার ইনচার্জ (ওসি) রকিবুজ্জামান জানান, টাকা-পয়সা লেনদেনকে কেন্দ্র করে শনিবার দুপুরে সোহেল ও তার সহোযোগীরা কুপিয়ে মাসুদকে হত্যা করে। এ ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে এবং একটি সুইচ গিয়ার উদ্ধার করেছে। হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে তিনি জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত