সুপারশপ ‘স্বপ্ন’র নাম ভাঙিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে শপিং কুপন নিয়ে প্রতারণার অভিযোগ তুলেছে প্রতিষ্ঠানটি।
বোরবার ফেইসবুকে স্বপ্ন’র ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশেষ অফার কুপনের একটি লিংক ছড়িয়ে পড়ে। অনেকেই মেসেঞ্জারে লিংকটি পান ও ক্লিক করেন।
পরে স্বপ্ন এক বিবৃতিতে জানায়, ‘‘Shwapno.com এ ‘Shwapno 15th Anniversary’ নামে কোনো ফ্রি শপিং অফার কিংবা গিফট কার্ডের প্রমোশন চলছে না’’!
তারা বিবৃতিতে বলে, ‘‘বাংলাদেশের সর্ববৃহৎ সুপারশপ চেইন স্বপ্ন এর নাম ভাঙিয়ে কিছু অসাধু-চক্র নকল শপিং অফার/কুপন অনলাইন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেছে। এ ধরনের ভুয়া অফারের সাথে ‘স্বপ্ন’র কোনো সংশ্লিষ্টতা নেই এবং অফারগুলোতে অংশ নিয়ে কিংবা লিংকে ক্লিক করে যেকোনো ধরনের ক্ষতির সম্মুখীন না হওয়ার জন্য সম্মানিত ক্রেতাসাধারণকে অনুরোধ করা হচ্ছে। এই অসাধু কার্যক্রমের মাধ্যমে কোনো ক্রেতা কোনো ধরনের ক্ষতির সম্মুখীন হলে স্বপ্ন কোনো দায়ভার নিতে পারবে না’।
‘স্বপ্ন তার ক্রেতা সাধারণের স্বার্থ সংরক্ষণে সর্বদা সচেতন, তাই এসব অসাধু চক্রের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে’।
‘‘স্বপ্ন’ সম্পর্কিত সঠিক অফার/প্রমোশন জানতে আমাদের ফেইসবুক পেইজ https://www.facebook.com/Shwapno.ACILL/ কিংবা আমাদের ওয়েবসাইট WWW.SHWAPNO.COM কে অনুসরণ করতে সম্মানিত ক্রেতা সাধারণকে অনুরোধ করা হচ্ছে’’।
