করোনাভাইরাসে আক্রান্ত জাতীয় শুটার জাকিয়া সুলতানা টুম্পা রাজধানীর একটি হাসপাতালে আইসিইউতে ভর্তি রয়েছেন। তার ফুসফুসের ৭০ শতাংশ আক্রান্ত বলে চিকিৎসকের বরাত দিয়ে জানিয়েছে তার পরিবার।
রবিবার সন্ধ্যায় টুম্পার ছোট ভাই জাহাঙ্গীর আলম ফুয়াদ দেশ রূপান্তরকে বলেন, ‘আগের থেকে আপুর অবস্থা এখন কিছুটা ভালো। তবে আগে আমরা যেটা জানতাম, ওর লান্সের ৪০ শতাংশ আক্রান্ত। এখন ডাক্তাররা বলছেন সেটা ৭০ শতাংশ।’
এ অবস্থায় টুম্পার উন্নত চিকিৎসার জন্য পরিবারের পক্ষ থেকে সরকারের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
ফেডারেশন থেকে কোনো যোগাযোগ করা হয়েছে কি-না জানতে চাইলে ফুয়াদ বলেন, ‘ফেডারেশন থেকে এখন পর্যন্ত কেউ কোনো যোগাযোগ করেননি। তবে ওর ক্লাব- ঢাকা রাইফেল ক্লাব থেকে নিয়মিত যোগাযোগ রাখছে।’
টুম্পার সঙ্গে তার বাবা তসলিম উদ্দিনও করোনা আক্রান্ত হন। তিনিও একই হাসপাতালের কেভিনে ভর্তি। তার অবস্থা এখন ভালোর দিকে বলে জানান টুম্পার ছোট ভাই। দ্বিতীয় পরীক্ষায় কোভিড নেগেটিভ ফল এসেছে তার।
ঈদের আগে টুম্পা ও টুম্পার বাবার শরীরে করোনাভাইরাস ধরা পড়ে। তাদের দুজনের শরীরেই ভারতীয় ধরন বা ডেল্টা ভেরিয়েন্ট পাওয়া যায়।
শুরুতে লালমনিরহাটে গ্রামের বাড়ি আইসোলেশনে ছিলেন টুম্পা। তার বাবাকে অবশ্য স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছিল। অবস্থার অবনতি হলে দুজনকেই ঈদের দিন ঢাকায় আনা হয়। টুম্পা শুক্রবার থেকে আইসিইউতে আছেন।
আরো পড়ুন
