সুযোগের অপেক্ষায় ছিলেন সৌম্য সরকার

আপডেট : ২৫ জুলাই ২০২১, ১১:৪৮ পিএম

কুড়িয়ে পাওয়া সুযোগটাই যেন কাজে লাগালেন সৌম্য সরকার!

তামিম ইকবাল নেই। প্রথম টি-টোয়েন্টিতে লিটন দাসও পড়লেন চোটে। তাই ওপেনিংয়ে সুযোগ মিলল। সৌম্য দুই ম্যাচেই হাঁকালেন ফিফটি। বল হাতেও নিলেন মোট তিন উইকেট। জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ জয়ের নায়ক তাই তিনিই।

রবিবার সিরিজ নির্ধারণী ম্যাচের পর সৌম্য জানালেন, এমন সুযোগের অপেক্ষাতেই ছিলেন তিনি। বিসিবি প্রেরিত ভিডিও বার্তায় সৌম্য বলেন, ‘সিরিজ সেরা হয়ে অনুভূতি ভালো। ভালো খেলেছি, এটাই সবচেয়ে বড় কথা।’

যোগ করেন, ‘পজিশন নিয়ে আমি চিন্তা করিনি। চেষ্টা ছিল যখন সুযোগ পাব, নিজের সেরাটা দিতে পারলে আমার জন্য খুব ভালো হবে। ওটাই মাথায় ছিল সব সময়।’

বেশ কিছুদিন ধরে শুধু টি-টোয়েন্টি ফরম্যাটে খেলছেন সৌম্য। জিম্বাবুয়ের সফরেও তাই টেস্ট ও ওয়ানডে সিরিজে ছিলেন না। তামিম ও লিটন দাস একাদশে থাকলে টি-টোয়েন্টিতেও তার জায়গা পাকা নয়।

তবে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচে ম্যাচ অব দ্য ম্যাচ ও সিরিজ সেরা হয়ে সৌম্য জানান দিলেন, নিয়মিত সুযোগ পাওয়ার যোগ্য তিনি।

এদিন সৌম্য খেলেছেন ৪৯ বলে ৬৮ রানের ইনিংস। এর আগে বল হাতে নেন ২ উইকেট। প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের জয়ে ৫০ রান এসেছিল তার ব্যাট থেকে।

এদিনের অলরাউন্ড পারফরম্যান্স নিয়ে সৌম্য বলছিলেন, ‘ব্যাটিং-বোলিং-ফিল্ডিং সব সময়ই করা হয়। এত ভালোভাবে (তিন বিভাগে) কখনো সুযোগ পাওয়া হয়নি। ফিল্ডিংয়ে সব সময় চেষ্টা করি নিজের সেরাটা দেওয়ার। আর বোলিংয়ে যে কয় ওভারই পেয়েছি, চেষ্টা করেছি ভালো করতে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত