ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) দুই উপপুলিশ কমিশনার (ডিসি) এবং সাত সহকারী পুলিশ কমিশনারকে (এসি) বদলি করা হয়েছে। তার মধ্যে দীর্ঘদিন খালি থাকা উপপুলিশ কমিশনার (মিডিয়া) হিসাবে পদায়ন করা হয়েছে ডিএমপির অপারেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মো. ফারুক হোসেনকে। গতকাল রবিবার ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে তাদের বদলি করা হয়।
আদেশে ডিএমপির ডিসি হায়াতুল ইসলাম খানকে অপারেশনস বিভাগ এবং ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের ডিসি করা হয়েছে। একই আদেশে ডিএমপির প্রটেকশন বিভাগের এসি এম রাকিবুল হাসান ভূঞাকে প্যাট্রল-মতিঝিল, এসি আরিফ মুহাম্মদ শাকুরকে কাউন্টার টেররিজম (সিটি) ইনভেস্টিগেশন বিভাগ, এসি অমিত কুমার দাশকে সিটি-ইন্টেলিজেনস অ্যানালাইসিস বিভাগ, এসি বাহা উদ্দীন ভূঞাকে প্রটেকশন বিভাগ, এসি শান্তা ইয়াছমিনকে ট্রাফিক-অ্যাডমিন, ডিএমপির রিসার্চ অ্যান্ড কন্ট্রোল সেন্টারের এসি স্নেহাশীষ কুমার দাসকে প্যাট্রল-তেজগাঁও এবং এসি তানিয়া সুলতানাকে ডেভেলপমেন্ট বিভাগে এসি হিসেবে বদলি করা হয়েছে।
